বিদ্রোহী প্রার্থীকে সহযোগিতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারিবুল হক রাজিনকে সহযোগিতার অভিযোগে সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ও বিদ্রোহী প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মণ্ডল ও সাধারণ সম্পাদক আবদুল ওদুদ গত বৃহস্পতিবার রাতে এ-সংক্রান্ত পৃথক তিনটি চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠির অনুলিপি ওই রাতেই স্থানীয় সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষে তাঁদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মণ্ডল ও সাধারণ সম্পাদক সাংসদ আবদুল ওদুদ ওই তিনজনকে সাময়িক বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে সাংসদ আবদুল ওদুদ বলেন, বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মঈনুদ্দীন মণ্ডলের সভাপতিত্বে এক সভায় এই তিনজনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে মঈনুদ্দীন মণ্ডল জানান, বিদ্রোহী প্রার্থী সম্পর্কে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ব্যাপারে জেলা কমিটির সদস্য শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে, জেলা কমিটির কোনো সভা ছাড়াই এ সিদ্ধান্ত হয়েছে। এটা সভাপতি ও সম্পাদকের যৌথ সিদ্ধান্ত। এর সঙ্গে জেলা কমিটির কোনো সম্পর্ক নেই।’
জেলা কমিটির আরেক সদস্য মিজানুর রহমান বলেন, ‘তিনজনকে সাময়িক বহিষ্কার-সংক্রান্ত কোনো সভা অনুষ্ঠানের কথা জানি না। আমাকে জানানোও হয়নি।’
সাংসদ গোলাম রাব্বানী বলেন, ‘আমাকে এভাবে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জেলা কমিটির সভাপতি-সম্পাদকের নেই। আমি দলের কোনো শৃঙ্খলা বা গঠনতন্ত্র লঙ্ঘন করিনি। বরং জেলা কমিটির সভাপতি ও সম্পাদক এ ধরনের সিদ্ধান্ত নিয়ে নিজেরাই গঠনতন্ত্র ভঙ্গ করেছেন। এ ছাড়া তাঁরা আমাকে কারণ দর্শানোর নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগও দেননি। জেলা কমিটির সভা করেও এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমার প্রতি ব্যক্তিগত বিদ্বেষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কারিবুল হক বলেন, ‘শেষ মুহূর্তে নির্বাচনকে প্রভাবিত করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ-সংক্রান্ত চিঠি আমি এখনো (শনিবার বিকেল পর্যন্ত) পাইনি।’
কারিবুল হককে চিঠিতে বলা হয়েছে, ‘শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে ময়েন খানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে আপনি মেয়র পদে নির্বাচন করছেন, যা দলের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য ও গঠনতন্ত্র পরিপন্থী। তাই আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের পদ থেকে আপনাকে সাময়িক বহিষ্কার করা হলো।’
গোলাম রাব্বানী ও আতাউর রহমানকে বহিষ্কারের চিঠিতে বিদ্রোহী প্রার্থী কারিবুল হককে সহযোগিতার দায়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। তাঁদের তিনজনকেই আওয়ামী লীগের কোনো পর্যায়ের সদস্য হিসেবে পরিচয় দেওয়া থেকে বিরত থাকতেও বলা হয়েছে চিঠিতে।