বিদ্রোহী প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের তিনটি উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের প্রার্থী ও নেতা-কর্মীদের বিরুদ্ধে দলটির বিদ্রোহী প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের ওপর হামলা ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নির্বাচন কার্যালয় ও আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, কাল শনিবার ভেদরগঞ্জ উপজেলার ১২টি, ডামুড্যার সাতটি ও গোসাইরহাটের একটি ইউপিতে ভোট হবে। এর মধ্যে ভেদরগঞ্জের চরকুমারিয়া ও রামভদ্রপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ১৮টি ইউপিতে চেয়ারম্যান পদে ভোট হবে। এর মধ্যে ১৬টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৬ জন বিদ্রোহী প্রার্থী জানিয়েছেন, আওয়ামী লীগের প্রার্থী ও কর্মী-সমর্থকেরা তাঁদের প্রচারণায় বাধা দিচ্ছেন। সরকারি দলের লোকজন তাঁদের ওপর হামলা চালাচ্ছেন। তাঁদের এলাকাছাড়া করা হচ্ছে।
গোসাইরহাটের নাগেরপাড়া ইউপির বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম বলেন, ‘গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে আওয়ামী লীগের প্রার্থী মহসিন সরদারের সমর্থকেরা আমাকে পিটিয়ে আহত করেন। পুলিশ উদ্ধার না করলে তাঁরা আমাকে মেরে ফেলতেন।’
মহসিন সরদার বলেন, ‘রেজাউল করিমকে কারা মারধর করেছে, তা জানি না।’
ভেদরগঞ্জের ছয়গাঁও ইউপিতে বিদ্রোহী প্রার্থী লিটন মোল্লা বলেন, ‘বুধবার সন্ধ্যায় প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগের প্রার্থী মামুন মীরের কর্মী-সমর্থকেরা আমার ওপর হামলা করেন। তাঁরা আমাদের এলাকায় যেতে দেন না। কর্মীদের মামলার ভয় দেখাচ্ছেন।’ এ বিষয়ে মামুন মীরের মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি।
ডামুড্যার সিড্ডা ইউপিতে বিদ্রোহী প্রার্থী সৈয়দ জেবুল হক বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আমীনের লোকজন আমাকে তাড়া করে এলাকা থেকে বের করে দিয়েছেন। তাঁরা আমার কর্মীদের মারধর করছেন। তাঁদের ভয়ে প্রচারণা চালাতে পারি নাই।’
আলাউদ্দিন আমীন বলেন, ‘জেবুল হক এলাকার মানুষের ভয়ে প্রচারণা চালান না। আমার কোনো সমর্থক তাঁকে বাধা দেননি। তাঁর কর্মীদের মারধর করা হয়নি।’