বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় হুমকি!
বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিছু চিকিৎসকের নামফলক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিজয়ীদের পক্ষে এই ভাঙচুর ও হুমকি দেওয়া হয়। জানা গেছে, স্বাচিপের কয়েকজন নেতার নেতৃত্বে কিছু ইন্টার্ন চিকিৎসক গতকাল দুপুরে মিছিলসহকারে ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে যান। সেখানে তাঁরা দুই সহকারী রেজিস্ট্রার হুমায়ুন কবির ও ইমতিয়াজ হোসেন এবং চিকিৎসক বিপ্লব বড়ুয়াকে খুঁজতে থাকেন। না পেয়ে তাঁরা ওই চিকিৎসকদের নামফলক ভাঙচুর ও গালিগালাজ করেন বলে ওয়ার্ডের চিকিৎসকেরা জানান। একইভাবে তাঁরা ১৪ নম্বর ও ১৬ নম্বর ওয়ার্ডে গিয়েও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিনহাজুর রহমানের পক্ষে কাজ করা চিকিৎসকদের খোঁজ করেন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক চিকিৎসক বলেন, ‘আওয়ামী লীগের আমলে আমরা স্বাচিপের সদস্য হয়ে যদি হুমকির মধ্যে থাকি, তাহলে কোথায় যাব?’ জানা গেছে, ওয়ার্ডে যাওয়ার আগে স্বাচিপের নেতা-কর্মীরা বিএমএর সদ্য নির্বাচিত সভাপতি মুজিবুল হক খানের কক্ষে বৈঠক করেন। সেখান থেকে তাঁরা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মিনহাজপন্থী চিকিৎসকদের খোঁজ করেন। এ বিষয়ে মুজিবুল হক খান বলেন, ‘নির্বাচনের পর আমার এখানে আমাদের বিজয়ী সব নেতা এবং পক্ষের লোকজনের একটা সভা ছিল। এরপর কোথায় কী হয়েছে, আমি জানি না।’ বিএমএ নির্বাচনে স্বাচিপকে পূর্ণ প্যানেলে জয়ী ঘোষণা করা হয়।