নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলমের পক্ষে লোহাগড়া উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা গণসংযোগ ও পথসভা করেছেন।
গত বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপাশা ও লোহাগড়া বাজার এলাকায় তাঁরা এ গণসংযোগ করেন। সন্ধ্যায় লোহাগড়া প্রেসক্লাবের সামনে পথসভায় তাঁরা বক্তব্য দেন। এ সময় প্রার্থী আশরাফুল আলম তাঁদের সঙ্গে ছিলেন। এসব ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা। উপজেলায় ১২টি ইউনিয়ন।
ইউপি চেয়ারম্যানদের পক্ষে মল্লিকপুরের চেয়ারম্যান মোস্তফা কামাল পথসভায় বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়নে ত্যাগী নেতারা বঞ্চিত হয়েছেন। তাই আমরা মাঠের একজন প্রকৃত ত্যাগী নেতার পক্ষে আছি।’ এ ছাড়া গণসংযোগ ও পথসভায় কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, জয়পুরের আকতার হোসেন, লোহাগড়ার নজরুল ইসলাম, নলদীর আবুল কালাম আজাদ, ইতনার নাজমুল হাসান, লাহুড়িয়ার দাউদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।