‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় দুটি ককটেল ও জাহাজের সিগন্যাল লাইটের বিস্ফোরণ ঘটানো হয়। ভাঙচুর করা হয় প্রেসক্লাবের জানালার কাচ।
গতকাল রোববার রাত আটটার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছিলেন পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সফিউল আলম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভুঁইয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্যসচিব সৌমিত্র চক্রবর্তী হামলার বিষয়ে বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সন্ত্রাসীরা ঘটনাটি ঘটিয়েছে। সীতাকুণ্ড প্রেসক্লাবের ইতিহাসে এটাই হামলার প্রথম ঘটনা। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, সরেজমিনে পর্যবেক্ষণ করে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
নাজমুল ইসলাম ভুঁইয়া বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এর সুষ্ঠু বিচার হওয়া উচিত।
এর আগে বিকেল সাড়ে পাঁচটায় আওয়ামী লীগের প্রার্থী বদিউল আলম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এর দুই ঘণ্টা পর মতবিনিময় করতে আসেন সফিউল আলম।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী।