বিদ্রোহী বিজয়ীরা বলছেন কারচুপি হয়েছে, দলীয়রা বলছেন হয়নি
হারুন অর রশিদ আওয়ামী লীগের সমর্থন নিয়ে কাউন্সিলর পদে দাঁড়াতে চেয়েছিলেন। দল সমর্থন না দেওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। বিজয়ীও হয়েছেন।
১৩ নম্বর ওয়ার্ডের সাধারণ আসনের নবনির্বাচিত এই কাউন্সিলর প্রথম আলোকে বলেন, ‘সরকার দলীয় সাংসদ কামাল মজুমদার নির্বাচনে হস্তক্ষেপ না করলে নির্বাচন আরও ভালো হতো। তিনি দুপুর বেলা কেন্দ্র দখলের চেষ্টা করেন। তবে জনগণের ধাওয়া খেয়ে তিনি পালিয়ে যেতে বাধ্য হন।’ হারুন বলেন, সাংসদ তাঁর পছন্দের প্রার্থী নাজমুল আলম ভূইয়ার জন্য কাজ করেছেন।
আজ বুধবার আগারগাঁওয়ের এন আই এল জি ভবনে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থীসহ সব প্রার্থীদের ফলাফল সরকারিভাবে ঘোষণা করেন। এ ফলাফল জানতেই এসেছিলেন হারুন অর রশিদ। প্রথম আলোর পক্ষ থেকে সেখানেই তাঁর সঙ্গে কথা হয়। হারুন অর রশিদ বলেন, ‘এখন আমি কাজ করতে চাই। সিটি করপোরেশনের কাজ মেয়র ও কাউন্সিলরদের। আমি জানি সাংসদ বিভিন্ন ভাবে আমার কাজে বাধা দেবেন। তবে তিনি কিছু করতে পারবেন না।’
রিটার্নিং কর্মকর্তা শাহ আলম মেয়র পদপ্রার্থী, সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা কে কত ভোট পেয়েছেন তা উল্লেখ করে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত প্রার্থী ও প্রার্থীর সমর্থকেরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকে নতুন কাউন্সিলরের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে কোলাকুলিও করেন। তবে বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের মধ্যে বিজয়ী হওয়ার আনন্দটা একটু বেশি মাত্রায় ছিল। উপস্থিতদের মধ্যে বিজয়ী প্রার্থী, তাঁদের পরিবারের সদস্য ও সমর্থকদের সংখ্যাই ছিল বেশি।
ফয়জুল মুনির চৌধুরী রমনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে এবার ৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সমর্থন পাননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেও জিতেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
মুনির চৌধুরীর ছোট ভাই ফয়জুল আনোয়ার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইকে সরকার কেনো সমর্থন দেয়নি তা সরকারই ভালো জানে। এ নির্বাচন ছিল একটি বড় চ্যালেঞ্জ। ভোটের দিন সরকারি প্রার্থীর সমর্থকেরা সিল মেরেছে। ফলস ভোট দেওয়ার জন্য প্রশাসনকে তাঁরা পাশে পেয়েছেন। তাই আমাদের প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে হয়েছে। জনস্রোতের কাছে সব অনিয়ম পরাজিত হয়েছে।’
ফয়জুল আনোয়ার বলেন, ‘আমার ভাই হারলেও আমরা আওয়ামী লীগকেই সমর্থন করে যেতাম। কেননা আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি।’
বিজয়ী প্রার্থীদের বেশির ভাগই ভোটে কারচুপি, জাল ভোট, সুষ্ঠু হয়নি এ ধরনের অভিযোগ মানতে নারাজ। তবে ভোটার উপস্থিতি বিশেষ করে বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর একেবারেই কমে যায় বলে স্বীকারও করেন। দুপুর দুইটার পর ভোটারের চাপ একদমই ছিল না। বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগ সমর্থিত অনেক ভোটারকেও ভোট কেন্দ্রে আনা যায়নি বলেও জানালেন একজন। কেননা বিএনপি নির্বাচনের মাঠে না থাকলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এমনিতেই জিতে যাবেন।
১২ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেনের সমর্থক আহসান উল আমিন শিকদার প্রথম আলোকে বলেন, ‘বিএনপি ভোট বর্জন না করলে ভোট প্রচুর হতো।’ ইকবাল হোসেনের খালাতো ভাই দেলোয়ার হোসেন বলেন, ‘মনোরম পরিবেশে খুব সুন্দর ভোট হয়েছে। টু শব্দও হয়নি।’
ভোট কারচুপি হয়নি তার প্রমাণ দিলেন ৩ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী কাজী জহিরুল ইসলামের ছোট ভাই আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘অনেক ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলররাও পাস করেছেন। তার মানে ভোটে কারচুপি হয়নি।’
সংরক্ষিত আসন ৭ এর কাউন্সিলর প্রার্থী খালেদা বাহার প্রথমবার নির্বাচন করেই জিতে গেছেন। তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। বনানী, গুলশান, বাড্ডা, মহাখালী এলাকা থেকে নির্বাচিত এ কাউন্সিলর বলেন, ‘সত্যি বলছি ফেয়ার ইলেকশন হয়েছে।’ তিনি জানালেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিএনপির তিনজন প্রার্থীও ছিলেন।
তবে এ আসনের বিএনপির প্রার্থী পেয়ারা মোস্তফা আজ ভোট কারচুপির অভিযোগসহ বিভিন্ন অভিযোগ নির্বাচন কমিশনের কাছে লিখিত ভাবে জানিয়েছেন।
শুধুই হতাশা: যে প্রার্থীরা জিততে পারেননি তাঁদের মধ্যে ছিল হতাশা। অনেকে এইবারই প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলেন। আশাও ছিল অনেক। তবে তাঁদের ভাষায় সুষ্ঠু নির্বাচন না হওয়ায় এবার তাঁরা জিততে পারেননি। দু-একজন ব্যতিক্রমও ছিলেন। তাঁরা নির্বাচনের রায় মেনে নিয়েছেন বলে জানান।
৩ নম্বর ওয়ার্ডের শাহ মান্না বেনারসি এবারই প্রথম নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। তিনি এবার জিততে পারেননি। তবে বেনারসি শাড়ির দোকানের মালিক শাহ মান্না নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন বলে জানালেন। ভোটে কারচুপি, জাল ভোট সম্পর্কে সরাসরি কিছু না বললেও ভোটের দিন কেন্দ্রে বিদ্রোহী প্রার্থীদের মধ্যে মারামারি লাগে বলে জানালেন।
২৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী মোহাম্মদ ইকবাল কোন দলের সমর্থক জানতে চাইলে এই প্রার্থীর বন্ধু শামসুদ্দিন সংক্ষেপে জানালেন ২০ দলের সমর্থক। তবে তিনি এবার স্বতন্ত্র প্রার্থী ছিলেন। জিততে না পারার কারণ জানতে চাইলে শামসুদ্দিন বললেন, ‘নির্বাচনে মারামারি হলে তো আর তাকে সুষ্ঠু নির্বাচন বলা যায় না। সলু রতন গ্রুপ নিজেরা মারামারি করেছে।’
শিল পাটা, মুলাও তো জিতেছে: রিটার্নিং কর্মকর্তা শাহ আলম কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে ১০ বা ১৫ মিনিট করে বিরতি দিচ্ছিলেন যাতে করে প্রার্থী ও তাঁর সমর্থকরা এসে পৌঁছাতে পারে। এ ধরনের এক বিরতির মধ্যে এক প্রার্থীর স্বজন দাঁড়িয়ে শাহ আলমের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি সংরক্ষিত আসনের নারী প্রার্থীদের প্রতীকগুলো কেনো বৈষম্যমূলক তা জানতে চান। তবে শাহ আলম বলেন, ‘এ আসনের প্রার্থীরা মুলা, শিল পাটা প্রতীক নিয়েই তো বিজয়ী হয়েছেন। বিভিন্ন নির্বাচনের জন্য আলাদা আলাদা প্রতীক বরাদ্দ দেওয়ার পর এ আসনের জন্য মুলা, কুলা বা এ ধরনের জিনিস ছাড়া আর কিছু পাওয়া যায়নি। তবে প্রতীকে কী আর আসে যায়। শিল পাটা, মুলা নিতে চায়নি অনেকে, আমি তো দেখলাম শিল পাটা, মুলাও জয়ী হয়েছে। মানুষ ঠিকই প্রার্থী চিনে ভোট দিয়েছে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনে সংরক্ষিত ১২টি আসনে এবার যাঁরা বিজয়ী হয়েছেন তাঁরা হলেন, সংরক্ষিত আসন ১-শাহনাজ পারভিন (কেটলি), আসন ২-আমিনা খাতুন (গ্লাস), আসন ৩-বেগম মেহেরুন্নেছা হক (পিঞ্জর), আসন ৪-রাশিদা আক্তার (স্টিল আলমারি), আসন ৫-মাসুদা আক্তার (কেটলি), আসন ৭-খালেদা বাহার (মোড়া), আসন ৮-আমেনা বেগম (গ্লাস), আসন ৯-নাজমুন নাহার (পান পাতা), আসন ১০-শামীমা রহমান (মোড়া), আসন ১১-কাওছার জাহান (শিল পাটা), আসন ১২-আলেয়া সারোয়ার (মুলা)।