বিদ্রোহী হওয়ায় বহিষ্কার
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান স্বাক্ষরিত গত সোমবারের এক পত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
চতুর্থ দফায় আগামী ৭ মে হারাটী ইউনিয়নে নির্বাচন হবে। এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সিরাজুল হক খন্দকার, বিএনপির আবদুল হাকিম খান, জাতীয় পার্টির (এরশাদ) আতাউর রহমান ও আওয়ামী লীগের বিদ্রোহী রফিকুল ইসলামসহ ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ব্যাপারে জানতে রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হয়। এ সময় রিং হলেও তিনি ফোন ধরেননি।
মতিয়ার রহমান বলেন, হারাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুলকে ইউনিয়ন, থানা ও জেলা আওয়ামী লীগের নেতারা বারবার অনুরোধ করলেও তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেননি। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রফিকুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।