বিদ্রোহীদের অভিযোগ সমর্থিতদের বিরুদ্ধে
ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানো, প্রচারণায় বাধা সৃষ্টি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ওই দুই দলের বিদ্রোহী চার প্রার্থী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তীর মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তাঁরা লিখিত অভিযোগ দিয়েছেন।প্রার্থীরা হলেন আওয়ামী লীগের বিদ্রোহী ও বর্তমান মেয়র মাছুদ খান, আওয়ামী লীগ নেতা এসকেন্দার আলী খান; বিএনপির বিদ্রোহী প্রার্থী এনায়েত করিম ও জাহাঙ্গীর হোসেন। মেয়র প্রার্থী মো. মাছুদ খান বলেন, আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতায় নেমেছেন বড় দুই দলের মেয়র প্রার্থী। তার পক্ষে প্রচারণায় নেমেছেন, এমন অনেক ভোটারের বাড়িতে গিয়ে তাঁরা ভয় দেখাচ্ছেন। ভোটাররা নিরাপত্তহীনতায় ভুগছেন। অপর প্রার্থী এসকেন্দার আলী খান বলেন, তাঁর পক্ষে যাঁরা প্রচারণায় নেমেছেন, তাঁদের বাধা দেওয়া হচ্ছে। ভয়ভীতি প্রদর্শন করে ভোটের দিন কেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে। বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী এনায়েত করিম বলেন, সেনা মোতায়েন না করলে ভোটাররা কেন্দ্রে আসতে পারবেন না। জাহাঙ্গীর হোসেন বলেন, ৮ নম্বর ওয়ার্ডের ভোটারদের বিএনপিসমর্থিত প্রার্থী মজিবুর রহমানের পক্ষে কাজ করার জন্য চাপ সৃষ্টি করছে বহিরাগত সন্ত্রাসীরা। তাঁর পক্ষে কাজ না করায় তাঁর সমর্থকদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। তিনিও সেনা মোতায়েনের দাবি জানান।আওয়ামী লীগসমর্থিত প্রার্থী তছলিম উদ্দিন চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, পরাজয় ভেবে অনেক প্রার্থী আবোল-তাবোল বকছে। কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড করলে ভোটাররাই ১৩ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিএনপিসমর্থিত প্রার্থী মজিবুর রহমান বলেন, ‘আমার কোনো সমর্থক অন্য কোনো প্রার্থীর সমর্থককে হুমকি দিচ্ছে না। মিথ্যা অভিযোগ করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।’