ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দিনাজপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে বিরত রাখতে না পারায় ও তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা না নেওয়ায় আওয়ামী লীগের নেতাদের প্রতি ক্ষুব্ধ মনোনীত প্রার্থীরা। এতে দলের ভরাডুবির আশঙ্কা করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা।
দ্বিতীয় ধাপে কাল বৃহস্পতিবার (৩১ মার্চ) দিনাজপুরের পাঁচটি উপজেলার ৩৫ ইউপিতে নির্বাচন হবে। এর মধ্যে বিরামপুরে সাতটি, নবাবগঞ্জে নয়টি, ফুলবাড়ীতে সাতটি, বোচাগঞ্জে ছয়টি ও কাহারোলের ছয়টি ইউপিতে এ নির্বাচন হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ওই পাঁচ উপজেলার মধ্যে বোচাগঞ্জে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। এ ছাড়া বিরামপুরে ছয়টি ইউনিয়নে নয়জন, নবাবগঞ্জে চারটি ইউনিয়নে চারজন, ফুলবাড়ীর তিনটি ইউনিয়নে চারজন ও কাহারোলে তিনটি ইউনিয়নে চারজন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেতদিঘী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ. কুদ্দুস, শিবনগর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হারুন উর রশীদ, কাহারোলের ডাবোর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সত্যজিৎ রায়, রামচন্দ্রপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান অভিযোগ করে বলেন, বিদ্রোহীরা ভোটারদের বিভ্রান্ত করছেন। কোনো কোনো জায়গায় বিদ্রোহীরা বিএনপি-জামায়াতের প্রার্থীদেরও ভোট দিতে বলছেন। জেলা আওয়ামী লীগের নেতারা বিদ্রোহীদের নির্বাচন থেকে বিরত রাখতে না পারায় ও সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় দলে ভরাডুবি ঘটবে। দলের মধ্যেও দেখা দেবে চরম বিশৃঙ্খলা।
কাহারোলের সুন্দরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শরিফ উদ্দিন আহম্মেদ গত সোমবার রাত আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর ইউনিয়নে দুজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। জেলা আওয়ামী লীগের কতিপয় নেতার স্বজনপ্রীতি ও অর্থপ্রীতির কারণে বিদ্রোহীরা মদদ পাচ্ছেন। কেন্দ্রের নির্দেশনা থাকলেও জেলা আওয়ামী লীগের কতিপয় নেতার কারণে বিদ্রোহীদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যেহেতু নির্বাচনটা ইউনিয়ন পরিষদের। তাই বিদ্রোহীদের বিষয়ে প্রথমে সিদ্ধান্ত নেবে ইউনিয়ন কমিটি। তারপর উপজেলা কমিটি। কিন্তু এখন পর্যন্ত বিদ্রোহীদের বিষয়ে আওয়ামী লীগের কোনো প্রার্থী জেলা কমিটির কাছে অভিযোগ দেননি। এ ছাড়া দলে স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। ব্যক্তিবিশেষের কারও প্রতি কারও সহানুভূতি থাকতে পারে। বিদ্রোহের কারণে দলের ভরাডুবির আশঙ্কা থাকলেও বিশৃঙ্খলা হওয়ার কোনো সম্ভাবনা নেই।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী প্রথম আলোকে বলেন, নৌকার কোনো ভরাডুবি হবে না। নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে। বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে জেলা আওয়ামী লীগ থেকে প্রতিটি ইউনিয়নে একাধিক সভা-সমাবেশ করা হচ্ছে। হাকিমপুর ও ঘোড়াঘাট বিএনপি-অধ্যুষিত এলাকা। এরপরও আওয়ামী লীগ ওই দুটি উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে তিনটিতে জয়লাভ করেছে।