বিদ্রোহীদের নিয়ে বিপদে দুই দলের প্রার্থীরা
চাঁদপুরের মতলব পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই মেয়র পদপ্রার্থী নিজ দলের বিদ্রোহীদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন। নানা চেষ্টা করেও তাঁদের নির্বাচন থেকে বিরত রাখা সম্ভব হচ্ছে না। ফলে নির্বাচনী প্রচারণার পাশাপাশি বড় দুই দলের প্রার্থীদের বিদ্রোহী সামাল দেওয়ার দিকেও আলাদাভাবে নজর দিতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন নূরুল ইসলাম ও বিএনপির এনামুল হক। কিন্তু আওয়ামী লীগের আরও দুই নেতা প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন ইকবাল হোসেন পাটওয়ারী ও মহসিন মৃধা এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহজাহান মল্লিক।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান জানান, বিদ্রোহী প্রার্থীদের বসানোর চেষ্টা এখনো চলছে। তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নান্নু জমাদার জানান, বিদ্রোহী প্রার্থীরা দলীয় প্রার্থীর জয়লাভে কোনো প্রভাব ফেলতে পারবেন না। নুরুল ইসলাম জানান, মেয়র থাকাকালে তিনি এলাকার অনেক উন্নতি করেছেন। তিনি আশা করেন, জনগণ তাঁর কাজের মূল্যায়ন করে তাঁকে এবার ভোটে জয়ী করবেন।পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন সরকার জানান, বিদ্রোহী প্রার্থী দলীয় প্রার্থীর জয়লাভে বাধা হবেন না। এনামুল হক বলেন, ‘আশা করি, উন্নয়নের স্বার্থে এলাকাবাসী আমাকে ভোট দিয়ে জয়ী করবেন।’