বিদ্রোহীদের সমস্যা মনে করে না আ.লীগ-বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার দয়াগঞ্জ মোড় দিয়ে গেন্ডারিয়ার ঢালকানগর গলি দিয়ে যেতেই দেখা গেল, হাজারো পোস্টারে ছেয়ে আছে সব অলিগলি। অবস্থা এমনই যে নিচ থেকে আকাশ তো দূরে থাক, উঁচু কোনো ভবনই দেখা মুশকিল।
প্রায় একই অবস্থা সতীশ সরকার রোড, মিল ব্যারাক, আলমগঞ্জ লেন, হরিচরণ রায় রোড ও কেশব ব্যানার্জি রোডেও। প্রতিটি অলিগলি পোস্টারে ঢাকা। গেন্ডারিয়া ও ফরিদাবাদের এসব এলাকা নিয়েই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ড। মোট ভোটার ২৪ হাজার ৪৬৪ জন।
এই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। এর মধ্যে চার-পাঁচজনের মধ্যেই মূলত লড়াই হবে বলে জানান এলাকাবাসী। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো এলাকা ঘুরে এই চিত্র পাওয়া গেছে।
ওয়ার্ডের প্রার্থীরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত মো. শহিদউল্লাহ মিনু, বিএনপি-সমর্থিত মো. ফারুক, স্বতন্ত্র সুলতান আহমেদ, মো. শরীফুর রহমান শরীফ, মোহাম্মদ হুমায়ুন কবীর, মো. ওয়াসেক বিল্লাহ, মাকসুদ আহমেদ চৌধুরী ও আবদুল মান্নান।
প্রার্থীদের মধ্যে শরীফ স্বেচ্ছাসেবক লীগের গেন্ডারিয়া থানার আহ্বায়ক, মাকসুদ ওয়ার্ড বিএনপি সভাপতি ও ওয়াসেক বিল্লাহ স্বেচ্ছাসেবক দলের নেতা। তাঁরা নিজ দলের বিদ্রোহী প্রার্থী। তবে এটাকে কোনো সমস্যা মনে করছেন না আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই প্রার্থী।
বেলা ১১টার দিকে ঢালকানগর এলাকায় দেখা হলো কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদের সঙ্গে। দলবল নিয়ে গণসংযোগ করছেন। বললেন, ‘বহুত দিনের শখ আছিল নির্বাচন করুম। এইবার আল্লাহ সুযোগ কইরা দিচ্ছে।’
আওয়ামী লীগ থেকে সমর্থন না পেলেও নিজেকে দলের সদস্য দাবি করে নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন সুলতান। তিনি জানান, মান্ধাতার আমলের নর্দমা ব্যবস্থার কারণে এই এলাকার বড় সমস্যা জলাবদ্ধতা। বৃষ্টি হলে কয়েক ফুট পানি জমে যায়। নির্বাচিত হলে তিনি এ সমস্যার সমাধান করবেন।
ওয়ার্ডের নানা সমস্যা তুলে ধরে কয়েকজন বাসিন্দা জানান, অধিকাংশ সড়কে বাতি নেই। সড়কের ওপর পড়ে থাকে আবর্জনা। সংস্কার না করায় মূল সড়ক ও অলিগলির অবস্থা খুবই খারাপ। যানজটের সমস্যা তো আছেই। তবে সম্প্রতি কেশব ব্যানার্জি বা কে বি রোড ও আলমগঞ্জে দুটি পানির পাম্প বসানো হয়েছে। এতে পানির সংকট অনেকাংশে কমে গেছে।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হুমায়ূন কবীর বলেন, এলাকায় কোনো কাঁচাবাজার, কমিউনিটি সেন্টার ও শরীরচর্চা কেন্দ্র নেই। তিনি জয়ী হলে এসব সমস্যার সমাধান করবেন। তবে সবার আগে জলাবদ্ধতা নিরসন তাঁর অঙ্গীকার।
বিএনপির প্রার্থী মো. ফারুকের সঙ্গে সকালে কথা হয় তাঁর নির্বাচনী কার্যালয়ে। জয়ের ব্যাপারে আশাবাদী এই প্রার্থী বলেন, জয়ী হলে ওয়ার্ডের জলাবদ্ধতা দূর করবেন। স্থাপন করবেন সরকারি কমিউনিটি সেন্টার।
প্রচারে বাধার মুখে পড়ছেন কি না প্রশ্নে ফারুক বলেন, ‘আমার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। আবার কর্মীরা পোস্টার লাগাতে গেলে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।’ এসব কে করছে প্রশ্নে তাঁর জবাব, ‘বোঝেনই তো।’
বর্তমান এই ওয়ার্ডটি ছিল অবিভক্ত সিটি করপোরেশনের ৮২ নম্বর ওয়ার্ড। সেটির দুবারের (১৯৯৪ ও ২০০২) কাউন্সিলর শহিদুল্লাহ মিনু এবার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। কে বি রোডের নির্বাচনী কার্যালয়ে তাঁর সঙ্গে কথা হয়। বললেন, ‘গত চার বছরে এলাকায় কোনো প্রতিনিধি না থাকায় তেমন উন্নয়ন হয়নি। আর এর সব দায়দায়িত্ব আমাকেই নিতে হচ্ছে। তবে দুই দফায় দায়িত্ব পালনকালে সাধ্যমতো জনগণের সেবা করার চেষ্টা করেছি।’
বিএনপি প্রার্থীর অভিযোগের বিষয়ে শহিদুল্লাহ বলেন, ‘এটা ঢালাও অভিযোগ। রাস্তায় গিয়ে দেখেন, আমাদের চেয়ে তাঁর (ফারুক) পোস্টারই বেশি।’
অপর কাউন্সিল প্রার্থী আবদুল মান্নান জামায়াত-সমর্থিত বলে গুঞ্জন আছে। তবে বিষয়টি অস্বীকার করে মান্নান বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমার নামে এমন কুৎসা ছড়াচ্ছেন। কিন্তু এটা পুরোপুরি মিথ্যা। আমি ছাত্রজীবনে ছাত্রলীগ ও পরে আওয়ামী লীগের রাজনীতিই করে আসছি।’
এক প্রশ্নের জবাবে মান্নান বলেন, ‘আগের কাউন্সিলর (মিনু) মানুষ হিসেবে ভালো হলেও কোনো উন্নয়ন করেননি। তাই মানুষ পরিবর্তন চায়। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’
প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে সর্বোচ্চ আটটি মামলা বিচারাধীন আছে। সবগুলোতেই জামিনে আছেন তিনি। শরীফের বিরুদ্ধে মামলা আছে তিনটি। এ ছাড়া মাকসুদ আহমেদ, ফারুক ও মান্নানের বিরুদ্ধে মামলা আছে একটি করে।