দুটি আসনে আ. লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী
দশম জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের বিদ্রোহী দুজন প্রার্থী জয়ী হয়েছেন।
মেহেরপুর-২ (গাংনী):স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম এ খালেককে হারিয়েছেন।
মকবুল হোসেন ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করে ৪৬ হাজার ৮৮৯ ভোট পেয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ খালেক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৪৮৯ ভোট।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হোসেন জেলা পরিষদে এ ফল ঘোষণা করেন।
ওই নির্বাচনে ভোট পড়েছে মোট ৪০.৬৭ শতাংশ।
ঢাকা-৭: আওয়ামী লীগ প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দীনকে ১১ হাজার ৯৯৫ ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হাজী মো.সেলিম। তিনি হাতী প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছিলেন।
এ ছাড়া ওই আসনের অপর প্রার্থী রিয়াজউদ্দীন পেয়েছেন তিন হাজার ১২০ ভোট। ১২০টি কেন্দ্রের ভোট গণনার পর বেসরকারিভাবে নির্বাচিত হন হাজী সেলিম।
ঢাকা-৭ আসনে ভোটার সংখ্যা ছিল তিন লাখ এক হাজার ২৮৯টি। নির্বাচনে মোস্তফা জালাল মহিউদ্দীন দলীয় সমর্থন পান। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম হাতী প্রতীক নিয়ে নির্বাচনে নামেন। ভোট গ্রহণ শেষ হবার কিছুক্ষণ আগে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে হাজী সেলিম তর্কাতর্কি করেন মোস্তফা জালাল মহিউদ্দীনের সঙ্গে । দিনভর হাজী সেলিমের অভিযোগ ছিল, তাঁর সমর্থকেরা ভোট দিতে পারছে না। বেলা সাড়ে ১১টার দিকে পোস্তা এলাকায় দুপক্ষের সমর্থকদের মধ্যে এ নিয়ে বাদানুবাদও হয়। পরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে মীমাংসা হয়।
নির্বাচন কমিশনের হলফনামা অনুযায়ী হাজী মো. সেলিমের বিরুদ্ধে বিভিন্ন সময় ৫২টি মামলা হয়েছে।