মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) আটটিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। এসব ইউপির কোনোটিতে দুই থেকে তিনজন বিদ্রোহী প্রার্থীও আছেন। এতে দলের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রব বলেন, দলের বিদ্রোহী প্রার্থীদের একাধিকবার নির্দেশ দেওয়ার পরও তাঁরা তা মানেননি। বিদ্রোহী প্রার্থী থাকায় এসব ইউপির নির্বাচনে প্রতিপক্ষ বিএনপির প্রার্থীরা সুবিধা পাবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় ৩১ মার্চ উপজেলার ১৩টি ইউপির ১২টিতে নির্বাচন হবে। এসব ইউপিতে মোট ভোটার ১ লাখ ১১ হাজার ৩৬৭ জন।
বাল্লা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বাচ্চু মিয়া। এখানে দলের বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম হাজারী ও স্বপন কুমার ঘোষ। গোপীনাথপুরে দলের প্রার্থী এ জেড এম সফিউল্লাহ এবং বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হাসান মোল্লা ও শওকত আলী মোল্লা। গালা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী রাজিব হাসান। এখানে বিদ্রোহী প্রার্থী সালাহউদ্দিন বুলবুল, আবদুল মান্নান ও হামিদুর রহমান শিকদার। চালা ইউপিতে দলের প্রার্থী কাজী আবদুল মজিদ। এখানে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শামসুল আলম বিশ্বাস ও সেলিম মোল্লা। রামকৃষ্ণপুরে দলের প্রার্থী কামাল হোসেন এবং বিদ্রোহী প্রার্থী বজলুর রহমান।
বয়ড়া ইউপিতে দলীয় প্রার্থী সৈয়দ হাসান ইমাম। এখানে বিদ্রোহী প্রার্থী পবিত্র কুমার শাখারী। হারুকান্দিতে দলীয় প্রার্থী আবদুর রহিম বিশ্বাস ও বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান চুন্নু। সুতালড়িতে আবদুস সালাম দলীয় মনোনয়ন পেয়েছেন। এখানে সেকেন্দার আলী বিশ্বাস বিদ্রোহী প্রার্থী। আজিমনগরে দলীয় প্রার্থী বিল্লাল হোসেন ও বিদ্রোহী প্রার্থী আরব আলী। তবে কাঞ্চনপুর, বলড়া ও ধূলশুড়া ইউনিয়নে দলের একক প্রার্থী রয়েছেন।
হারুকান্দি ইউপিতে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য আসাদুজ্জামান চুন্নু। তিনি বলেন, ‘২০ বছর ধরে দল করছি। ভোটারদের আশ্বাসেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।’
বয়ড়ার বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পবিত্র কুমার শাখারী বলেন, দলের নিয়ম অনুযায়ী প্রার্থী যাচাইবাছাই করা হয়নি। এ কারণে উপজেলার অধিকাংশ ইউপিতে একাধিক বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তাঁকেও দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দীন বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় হরিরামপুরের এসব ইউনিয়নের ১৩ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর ধারণা, বিদ্রোহী প্রার্থীর কারণে ইউপি নির্বাচনে তেমন কোনো প্রভাব পড়বে না।