বিদ্রোহীরাই বিএনপির মাথাব্যথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনেও নিজেদের জয়ের ধারা ধরে রাখার ব্যাপারে আশাবাদী বিএনপি। তবে একই সঙ্গে দলটির মধ্যে শঙ্কাও কাজ করছে। নির্বাচন সমন্বয়ের সঙ্গে যুক্ত দলের কেন্দ্রীয় নেতারা মনে করছেন, কালকের নির্বাচনে কেন্দ্রের নিয়ন্ত্রণ রাখতে পারাটাই তাঁদের জন্য প্রধান চ্যালেঞ্জ।

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৯৬টির মধ্যে চেয়ারম্যান পদে ৪৪টিতে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হন আর আওয়ামী লীগ-সমর্থিতরা জিতেছিলেন ৩৪টিতে। দ্বিতীয় দফায় বিএনপি ৫০টিতে এবং ৪৪টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা জয়ী হন। কাল শনিবার তৃতীয় দফায় ৮১টি উপজেলায় ভোট নেওয়া হবে।

উপজেলা নির্বাচন সমন্বয়ের জন্য বিএনপির কেন্দ্র থেকে গঠিত কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তাঁদের প্রধান শঙ্কা ক্ষমতাসীনদের হস্তক্ষেপ নিয়ে। তারপর আছে দলীয় ‘বিদ্রোহী’ প্রার্থী। আর আশাবাদী হওয়ার কারণ, প্রথম দুই ধাপের নির্বাচনের ফল এবারেও প্রভাব ফেলবে বলে তাঁরা মনে করছেন। দলটির কেন্দ্রীয় নেতারা দাবি করছেন, নির্বাচন ‘সুষ্ঠু’ হলে বিএনপি বড় ব্যবধানে এগিয়ে থাকবে।

আজ শুক্রবার সকালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তৃতীয় দফায়ও বিএনপি-সমর্থিত প্রার্থীরা ভালো করবেন। কিন্তু মন্ত্রীদের কথাবার্তায় মনে হচ্ছে, তাঁরা জোর করে উপজেলা পরিষদ দখল করে নিতে চান।

বিএনপির নেতারা বলছেন, প্রথম ধাপের নির্বাচন যতটুকু সুষ্ঠু হয়েছিল, দ্বিতীয় ধাপে সে রকম হয়নি। প্রথম ধাপে ভালো ফল না পেয়ে নিজেদের বিজয় নিশ্চিত করতে সরকার বিভিন্ন জায়গায় বলপ্রয়োগ করেছে। কেন্দ্র দখল, হামলা, ব্যালট ছিনতাই হয়েছে। তার পরও দ্বিতীয় ধাপেও বিএনপি এগিয়ে ছিল। তাই এবার ক্ষমতাসীনেরা আরও বেশি বলপ্রয়োগ করে কেন্দ্র দখল করবে বলে বিএনপির নেতারা আশঙ্কা করছেন।

জানতে চাইলে উপজেলা নির্বাচন সমন্বয়ে যুক্ত দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, তাঁরা আশঙ্কা করছেন এবার আওয়ামী লীগ বেপরোয়া আচরণ করবে, কেন্দ্র দখল, সন্ত্রাস করবে। নেতা-কর্মীরা স্থানীয়ভাবে এসব প্রতিরোধ করে ভোটকেন্দ্র ‘নিয়ন্ত্রণে’ রাখতে পারলে, ভোটাররা ভোট দিতে পারলে বিএনপি এ দফায় আরও ভালো ফল করবে।

বাড়তি চাপ বিদ্রোহী প্রার্থী: শুরু থেকে বিদ্রোহী প্রার্থীদের দমনের নানা চেষ্টা করেও বিএনপি বেশির ভাগ ক্ষেত্রে কোনো ফল পাচ্ছে না। প্রথম দুই দফা নির্বাচনের পর দলের মূল্যায়ন হলো, বিদ্রোহীদের নিষ্ক্রিয় করা গেলে আরও বেশিসংখ্যক উপজেলায় দলের জয় নিশ্চিত করা যেত। ৯ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সভায়ও এ বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়।

কিন্তু তৃতীয় ও পরবর্তী দফার নির্বাচনগুলোতেও অনেক উপজেলায় বিএনপির একাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী তৃতীয় ধাপের ৮১টি উপজেলার মধ্যে ৪০টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছেন। তবে দলের নেতারা দাবি করছেন, এঁদের অনেককে সমঝোতার মাধ্যমে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। উপজেলা নির্বাচন সমন্বয়ে যুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, তাঁদের হিসাবে ৬২টি উপজেলায় একক প্রার্থী মাঠে আছেন।

উপজেলা নির্বাচনের শুরু থেকে বিদ্রোহীদের দমাতে কঠোর হয়েছিল বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে যাঁরা প্রার্থিতা বহাল রেখেছেন, তাঁদের অনেককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্রগুলো জানায়, শুরুতে বিএনপি আশা করেছিল, এ ধরনের বহিষ্কারের ফলে পরবর্তী দফার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী কমে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। তখন বিদ্রোহীদের বিষয়ে নমনীয় হওয়ার কৌশল নেয় বিএনপি। প্রথম দফা নির্বাচনের আগের দিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একেবারে বাধ্য না হলে কাউকে বহিষ্কার না করার নির্দেশনা দেন। তিনি বিদ্রোহীদের সমঝোতার মাধ্যমে নিষ্ক্রিয় রাখার ওপর গুরুত্ব দেন। বিএনপি কিছুদিন এ কৌশলে এগিয়েছিল, বহিষ্কার করা সাময়িক বন্ধ রেখেছিল। কিন্তু তাতেও কোনো ফল হয়নি। বরং অনেক ক্ষেত্রে তা বিদ্রোহীদের উত্সাহ জুগিয়েছে।

সূত্র জানায়, এরপর ‘বাধ্য’ হয়ে আবার বিদ্রোহীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে দল। যাঁরা কেন্দ্রীয় নির্দেশনা একেবারেই মানছেন না, তাঁদের সরাসরি বহিষ্কার করা হচ্ছে। গত পাঁচ দিনে অন্তত ৩৩ জনকে বহিষ্কার এবং সাতজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এ প্রক্রিয়া সামনেও অব্যাহত থাকবে বলে সূত্রগুলো জানিয়েছে।