বিধবা ও কিশোরীকে ধর্ষণের অভিযোগ
বান্দরবানের লামা উপজেলায় এক বিধবা ও এক আদিবাসী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে এক কিশোরী (১২) গত শুক্রবার বাড়ি থেকে কিছুদূরে ছাগল আনতে যায়। ছাগল নিয়ে ফেরার পথে মোহামঞ্চদ আয়ুব (১৬) নামের কিশোর তাকে বনের ভেতরে নিয়ে ধর্ষণ করে।
এ ছাড়া শুক্রবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এক বিধবা (২৫) নিজের কাজে পাহাড়ে যান। সেখানে এক ব্যক্তি (২০) তাঁকে একা পেয়ে ধর্ষণ করেন। মানবাধিকার কমিশনের জেলা সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, ধর্ষণের শিকার ওই বিধবা গতকাল মামলা করার জন্য উপজেলা সদরে এসেছিলেন। কিন্তু আপস-মীমাংসার জন্য একটি মহল থেকে ওই নারীকে চাপ দেওয়া হচ্ছে। এ জন্য তিনি গতকাল মামলা করেননি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান ভূঁইয়া বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আয়ুবকে গ্রেপ্তার করা হয়েছে। আর বিধবা ধর্ষণের অভিযোগে এখনো মামলা হয়নি।