বিধবা, বৃদ্ধসহ তিন জেলায় ৩ জন খুন
শরীয়তপুরের ডামুড্যায় এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাদারীপুরের রাজৈরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ভোলার দৌলতখানে ঘরে ঢুকে এক নারীকে হত্যার পর স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমাদের আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলার মস্তফাপুর গ্রামে গতকাল বুধবার সকালে কুলসুম বিবি (৫৫) নামে এক বিধবা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ হুশিয়ার শেখ (২৫) নামে নেশাগ্রস্ত এক যুবককে গ্রেপ্তার করেছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, উপজেলার বদরপাশা ইউনিয়নে চর মস্তফাপুর গ্রামের মৃত রাঙ্গা বয়াতির স্ত্রী কুলসুম বিবির (৫৫) সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে ইউপি সদস্য শওকত শেখের ছেলে মাদকাসক্ত হুশিয়ার শেখ কুলসুমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।
রাজৈর হাসপাতালে নেওয়ার পথে কুলসুম মারা যান। বদরপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন আকন প্রথম আলোকে জানান, হুশিয়ার শেখ দীর্ঘদিন থেকে নেশাগ্রস্ত। হয়তো নেশার টাকা চেয়ে না পেয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সে কুলসুমকে কুপিয়েছে।
শরীয়তপুর: ডামুড্যা উপজেলার চরমালগাও বিশ্বাসকান্দি গ্রামে মঙ্গলবার রাতে বাহার আলী শিকদার (৯০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, বাহার আলী রাতে খাবার খেয়ে তাঁর ঘরের দরজা খুলে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
ভোলা: দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নে গৃহবধূকে দুর্বৃত্তরা গলা টিপে হত্যা করে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে।
গত মঙ্গলবার দিবাগত রাতের এ ঘটনায় নিহতের স্বামী গৌরাঙ্গ চন্দ্র মাঝি বাদী হয়ে দৌলতখান থানায় গতকাল বুধবার মামলা করেছেন।
নিহতের আত্মীয় ও পুলিশের ভাষ্য মতে, গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় লামছিধলী গ্রামের মাঝিবাড়িতে ঢুকে দুর্বৃত্তরা গৃহবধূ ননী বালাকে (৫০) শ্বাসরোধে হত্যা করে আলমারি এবং তাঁর শরীরে থাকা স্বর্ণালংকার নিয়ে যায়। ওই সময় ঘরে আর কেউ ছিলেন না। নিহতের স্বামী গৌরাঙ্গ চন্দ্র ও ছেলে শ্যামল চন্দ্র মাঝি বলেন, স্বর্ণালংকার নেওয়ার জন্যই দুর্বৃত্তরা ননী বালাকে হত্যা করেছে। কারণ, তাঁদের সঙ্গে কারও শত্রুতা নেই।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুল হক বলেন, নিহতের স্বামী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে চুরি ও হত্যা মামলা দায়ের করেছেন।