বিধবা ভাতা চান ষাটোর্ধ্ব মেহেনা
যমুনেশ্বরী নদীর ধারে পাটখড়ির বেড়া দিয়ে ঘেরা একটি কুঁড়েঘর। ঘরটির বাসিন্দা চারজন। ষাটোর্ধ্ব মেহেনা বেগমের ভিক্ষার টাকাতেই চলে এই সংসার। ভিক্ষা জুটলে মেলে ভাত, না হলে থাকতে হয় উপোস।
মেহেনা বেগম (৬৪) রংপুরের তারাগঞ্জ উপজেলার কাসিয়াবাড়ি গ্রামের বাসিন্দা। প্রায় ১৮ বছর আগে স্বামী টগরু মামুদ মারা গেছেন। তবে এখনো বিধবা ভাতা পাননি।
মেহেনা বেগম বলেন, মেয়ের জন্মের পরপরই তাঁর স্বামী মারা যান। এরপর কাজ করে খেতেন। বয়সের ভারে এখন আর কাজ করতে পারেন না। ভিক্ষা করে খান। মেয়ে লাজিনা বেগমও দুই সন্তান নিয়ে থাকেন তাঁর আশ্রয়ে। আরেক মেয়ে শ্বশুরবাড়িতে থাকেন। তাঁর পক্ষেও মা-বোনকে সাহায্য করা সম্ভব হয় না।
লাজিনা বেগম বলেন, তাঁর বিয়ে হয় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খালিশা ঢুলিয়া গ্রামের কবিরুলের সঙ্গে। কিন্তু টাকার জন্য কবিরুল তাঁকে মারধর করে মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এক বছর ধরে মায়ের সংসারে দুই শিশুসন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাঁর এক সন্তানের বয়স তিন বছর, আরেকটির ছয় বছর। গ্রামে কোনো কাজ জোটে না। আর ছোট দুই সন্তানকে ফেলে তিনি গ্রামের বাইরে কোথাও যেতে পারেন না।
লাজিনা বলেন, ‘এলা মোর স্বামী মোক নেওছে না, খাবারও দেওছে না। মেম্বার-চেয়ারম্যানের কাছোত মেলা বার যেয়্যা কছুং মোর ব্যবস্থা করি দেও ছাওয়া দুইটাক বাঁচাও। এলা ছাওয়া দুইটাক মুই খাবার দিবার পায়ছুং না।’
লাজিনা বলেন, তাঁর মা অনেক আগেই বিধবা হয়েছেন। কিন্তু এখনো তিনি ভাতা পান না। ভাতার আওতায় এলে তাঁর মা অন্তত মাসে ৫০০ টাকা করে পেতেন। তাঁদের কষ্ট কিছুটা হলেও কমত।
মেহেনা বেগম জানান, এই বুড়ো বয়সে ভিক্ষা করে তিনি চারজনের খাবারের ব্যবস্থা করেন। সরকার যদি তাঁকে সাহায্য করত, তাহলে ভালো হতো।
কাসিয়াবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আলী বলেন, ‘মেহেনা বেগম ও তাঁর মেয়ের অবস্থা দেখে খুব কষ্ট হয়। কিন্তু আমাদেরই তো নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। ওদের সাহায্য করব কী করে?’
হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের সদস্য হাফি মিয়া বলেন, ‘মেহেনা ও তার মেয়ে সত্যি খুব অসহায়। ভিক্ষা করে খায়। এবার বরাদ্দ পেলে লাজিনার মা মেহেনাকে বিধবা ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে।’