বিধবা মায়ের স্বপ্ন গোছাতে দিল না ট্রাক!
বিধবা মায়ের স্বপ্ন ছিল ছেলে আরশাফ আলীকে পড়ালেখা করিয়ে শিক্ষিত করে তুলবেন। চাকরি করে ছেলে মায়ের দুঃখ গোছাবে। কিন্তু মায়ের সেই স্বপ্ন গোছাতে দেয়নি ট্রাক। ট্রাকের ধাক্কায় মারাত্মকভাবে আহত হওয়ার পর ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে সে। গতকাল বৃহস্পতিবার সকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আটকোপালিয়া বাজারে সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। আশরাফ ওই সময় স্কুলের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে সাইকেলযোগে বাড়ি ফিরছিল। আশরাফ শহীদ জয়নাল আবদিন মডেল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র এবং পশ্চিম চর জুবলী গ্রামের মৃত আজু ব্যাপারীর ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা আটকপালিয়া বাজারে সোনাপুর-সুবর্ণচর সড়ক অবরোধ করে। ক্ষুব্ধ বাসিন্দারা এ সময় ট্রাক চালকের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে সুবর্ণচরের চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বছর ছেলেটির বাবা মারা যান। দুই বোনের বড় জনের বিয়ে হয়ে গেছে। একমাত্র সন্তান আশরাফই ছিল বিধবা মা মনোয়ারা বেগমের ভরসা। তিনি অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে পড়ালেখা করাতেন। গত বছর পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে আশরাফ। এ কারণে স্কুলের শিক্ষকেরাও স্কুলে বিনা বেতনে পড়াতেন।