বিধবাকে ধর্ষণের অভিযোগ
চট্টগ্রামের বাসিন্দা তিনি। সিলেটে রয়েছে প্রয়াত স্বামীর অনেক জায়গা-জমি। সম্পত্তি দেখভাল করার কথা বলে মুঠোফোনে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন সিলেটের আবদুর রহিম। শেষ পর্যন্ত তাঁর হাতেই ধর্ষিত হতে হয়েছে ওই বিধবাকে। গতকাল বৃহস্পতিবার করা মামলায় এমন অভিযোগই করেছেন ওই বিধবা।ওই নারী অভিযোগ করেন, তাঁকে চট্টগ্রাম থেকে সিলেটে নিয়ে এসে আবদুর রহিম প্রথমে বিয়ের প্রস্তাব দেন। পরে জোর করে ধর্ষণ করেন। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি। ঘটনার প্রায় আড়াই মাস পর তিনি বাধ্য হয়ে গতকাল সিলেটের আদালতে মামলা করেন। মামলাটি আদালত আমলে নিয়ে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টকে (ব্লাস্ট) তদন্তের নির্দেশ দিয়েছেন।অভিযোগ থেকে জানা যায়, বৈবাহিক সূত্রে ওই নারী সিলেটের পাঠানপাড়া শিববাড়ি এলাকার অধিবাসী। তাঁর স্বামী বিশাল সম্পত্তি রেখে ২০০৬ সালে মৃত্যুবরণ করেন। ওই নারীর এক ছেলে ও এক মেয়ে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করায় তিনি অনেকটা অসহায় অবস্থায় চট্টগ্রামে পৈতৃক বাড়িতে বসবাস করছিলেন। এ অবস্থায় সিলেট শহরতলির সোনাতলা এলাকার বাসিন্দা আবদুর রহিম মুঠোফোনে ওই নারীর সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর স্বামীর বেদখল হওয়া জমি উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁকে সিলেটে নিয়ে আসেন।গত ১০ অক্টোবর রহিম অটোরিকশাযোগে বিধবার স্বামীর জমি বিক্রি বাবদ বায়নার টাকা আনার কথা বলে ওই নারীকে নিয়ে রওনা দেন। অটোরিকশাটি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেটের চণ্ডীপুল এলাকায় পৌঁছালে রহিম তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং রাতে ভয়ভীতি দেখিয়ে পুনরায় হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।প্রতারণার শিকার ওই নারী প্রথম আলোকে জানান, এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় একাধিক সাধারণ ডায়েরি ও অভিযোগ দিলেও পুলিশ তা আমলে নেয়নি। শেষে বাধ্য হয়ে আদালতে মামলা করতে হয়েছে তাঁকে।মুঠোফোনে যোগাযোগ করলে রহিম জানান, ‘সব অভিযোগ মিথ্যা। আমি ওই মহিলাকে সাহায্য করতে চেয়েছিলাম। এখন উল্টো ষড়যন্ত্রের মধ্যে পড়েছি।’এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ জানান, ওই নারীর অভিযোগটি পুলিশ তদন্ত করছে।