বিধবাকে ধর্ষণের পর স্ট্যাম্পে স্বাক্ষর আদায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলায় এক বিধবা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারীর অভিযোগ, ধর্ষণের পর দুর্বৃত্তরা মুক্তিপণ আদায়ের জন্য জোর করে তাঁর কাছ থেকে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে।
এই ঘটনায় গতকাল বুধবার ওই নারী দাগনভূঞা থানায় মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
ওই নারী বলেন, গত সোমবার তাঁর এক সন্তান নিখোঁজ হয়। বিষয়টি জানানোর জন্য সোমবার রাতে তিনি কোরেশমুন্সি বাজারের পাশে কামারপুকুরিয়া গ্রামে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুনের বাড়িতে যান। তাঁকে বিষয়টি জানিয়ে তিনি বাড়িতে ফিরছিলেন। পথে জয়নাল আবদীনের ছোট ভাই সাইফুদ্দিন ওরফে লিটু (৩২) তাঁকে ধর্ষণ করে পাশের একটি বাড়িতে নিয়ে আটকে রাখে। এ সময় সাইফুদ্দিনের সহযোগী মো. সোহেল (২৮), মো. রাসেল (৩০) ও শাহ আলম (৩৮) এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জন বাড়ি থেকে আরেক সন্তানকে ধরে সেখানে নিয়ে আসে ও দুই লাখ টাকা দাবি করে। তিনি ১০ হাজার টাকা দিলেও দুর্বৃত্তরা এতে সন্তুষ্ট হয়নি। এ সময় দুর্বৃত্তরা তাঁকে সামাজিকভাবে হেয় করার হুমকি দেয়। পরে জোর করে কয়েকটি অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করে।
গত মঙ্গলবার রাতে ওই নারী বিষয়টি দাগনভূঞা থানার পুলিশকে জানান। পরে গতকাল তিনি সাইফুদ্দিনসহ চারজনের নাম উল্লেখ করে ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি শাহ আলমকে গ্রেপ্তার করেছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন সাংবাদিকদের বলেন, ‘আমার ভাই মাদকাসক্ত। এর আগে আমি তাকে দুবার পুলিশে দিয়েছি। তার ওপর আমাদের পরিবারের কোনো নিয়ন্ত্রণ নেই।’
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন মামলা দায়ের ও এক আসামিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।