বিধবাপল্লিতে অস্থায়ী পুলিশ ক্যাম্প
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের ‘বিধবাপল্লি’তে গত শুক্রবার রাত থেকে নিরাপত্তার জন্য অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
পুলিশ ও শহীদ পরিবারের অনেকে জানান, একাত্তরের ২৫ জুলাই সোহাগপুর গ্রামে আলবদর, রাজাকার ও পাকিস্তানি বাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। বেনুপাড়ার সব পুরুষকে (১৮৭ জন) হত্যা করে পাড়াটিকে পরিণত করা হয়েছিল বিধবাপল্লিতে। সেদিন যে ৫৭ জন বিধবা হয়েছিলেন, তাঁদের মধ্যে ৩১ জন বেঁচে আছেন। এঁদের মধ্যে তিন বিধবা ও একজন শহীদ পরিবারের সন্তান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জামায়াতের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।
বিধবাপল্লি কল্যাণ সমিতির সভাপতি জালাল উদ্দিন বলেন, ‘শত্রুর তো শেষ নাই। ট্রাইব্যুনালে সাক্ষী দেওয়ার পর থেকে স্থানীয় কিছু লোকজন বিধবাদের ভয় দেখায়। কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল থাকায় অনেকেই বিধবাপল্লিতে যাওয়া-আসা করে। পুলিশ ক্যাম্প আসায় বিধবা ও শহীদ পরিবারের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।