বিধবাপল্লির ৬১ পরিবার পেল ভাতার চেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার শিকার শহীদ পরিবারের সাহায্যার্থে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে ভাতা প্রদান ও চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সোহাগপুর বিধবাপল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ৬১টি শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ভাতার চেক, সৌরশক্তিচালিত বাতি ও শীতের চাদর তুলে দেন। জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরোয়ার, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান প্রমুখ।অনুষ্ঠানে মতিয়া চৌধুরী বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে তাদের সামাজিক দায়বদ্ধ কর্মসূচির আওতায় সোহাগপুর বিধবাপল্লির ৬১টি শহীদ পরিবারের প্রত্যেককে এককালীন সাত হাজার টাকা এবং প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়ার কর্মসূচি চালু করা হলো।আতিউর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা প্রজ্বলিত রাখার জন্য দেশের ব্যাংকিং খাত মোটামুটিভাবে সক্রিয় রয়েছে। সম্প্রতি ট্রাস্ট ব্যাংকসহ বাংলাদেশের প্রায় সব ব্যাংকই যৌথভাবে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে হাত বাড়িয়ে দিয়েছে। কৃষিমন্ত্রীর হাত থকে চেক নিয়ে সোহাগপুর বিধবাপল্লির শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি করফুলি বেওয়া (৬৫) তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এই সাহায্য পাইয়া অনেক খুশি লাগতাছে। আরেকটু ভালাভাবে বাঁইচ্যা থাকতে পারমু। পাশাপাশি আমগোর স্বামীগরে যারা মারছে, তাগোরও বিচার চাই।’১৯৭১ সালের ২৫ জুলাই নালিতাবাড়ীর সোহাগপুর গ্রামে পাকিস্তানি বাহিনী নৃশংসভাবে গণহত্যা চালিয়ে ১৮৬ জন পুরুষকে হত্যা করে। পরে সোহাগপুর গ্রামটি মুক্তিযুদ্ধের ইতিহাসে ‘বিধবাপল্লি’ হিসেবে পরিচিতি লাভ করে।