বিধবার পাকা ধান কেটে নিল প্রতিপক্ষ
ময়মনসিংহের নান্দাইলের মেছেরকান্দা গ্রামের খোদেজা খাতুন (৫৫) নামের এক বিধবার প্রায় ২৫ শতক জমির পাকা ধান গতকাল বৃহস্পতিবার প্রতিপক্ষের লোকজন কেটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের লোকজন খোদেজা ও তাঁর সন্তানদের মারধর করেন। এদিকে, আদালতের রায় কার্যকর করতে পুলিশের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ করেছেন খোদেজা। খোদেজা খাতুন বলেন, ১০০ শতক জমির পাকা ধান নির্বিঘ্নে কেটে নেওয়ার জন্য ময়মনসিংহের নির্বাহী হাকিমের ২ নম্বর আদালত গত ২৪ নভেম্বর তাঁর পক্ষে রায় দেন। ওই রায়ে ধান কাটতে সহায়তা করতে নান্দাইল মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়। খোদেজা গত সোমবার আদালতের রায়ের অনুলিপি থানার ওসির হাতে জমা দেন। পরে ওসি বিষয়টি দেখতে থানার এসআই মো. ফারুক হোসেনকে দায়িত্ব দেন। খোদেজা অভিযোগ করেন, এসআই ফারুক এ কাজের জন্য তাঁর কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। গতকাল সকালে মেছেরকান্দা গ্রামে গিয়ে দেখা যায়, মডেল থানার এসআই নুরুল ইসলাম কয়েকজন পুলিশ সদস্য নিয়ে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ২০-২৫ জন লোক দা-বল্লম নিয়ে এসে ২৫ শতক জমির ধান কেটে নিয়ে যায়। তিনি এসে পরিস্থিতি সামাল দেন। খোদেজা খাতুন জানান, পার্শ্ববর্তী নয়াপাড়া গ্রামের নেছার উদ্দিন, সফুর উদ্দিন, ওয়ানিছ মিয়াসহ কতিপয় ব্যক্তি প্রতিবছর তাঁর আবাদ করা জমির পাকা ধান জোর করে কেটে নিয়ে যাচ্ছে। গতকাল ধান কাটার সময় বাধা দেওয়ায় ওই লোকজন তাঁকে ও তাঁর সন্তানদের মারধর করে। তিনি আরও বলেন, আদালত ইউনিয়ন ভূমি অফিস থেকে জমির মালিকানাসংক্রান্ত প্রতিবেদন গ্রহণ করে তাঁর (খোদেজা) পক্ষে রায় দেন।তবে নেছার উদ্দিন ও সফুর উদ্দিন দাবি করেন, খোদেজা খাতুন জাল দলিল করে ওই সম্পত্তি ভোগ করছেন। তবে নেছার ও সফুর স্বীকার করেন জমির মালিকানাসংক্রান্ত কোনো কাগজপত্র তাঁদের কাছে নেই। এসআই ফারুক বলেন, ‘ওই নারীর কাছে কোনো টাকা চাইনি।’