বিধবার বাড়িতে আ.লীগ নেতার হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের দৌলতপুর থানা আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে একদল যুবক গত বুধবার সকালে পাবলা এলাকায় এক বিধবার বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা নারী, শিশু ও পুরুষদের মারধর করে জমির কাগজপত্র, নগদ টাকা ও আসবাব লুটে নেয়। বাড়িটি জবরদখল করতে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।অভিযোগ সূত্রে জানা যায়, দৌলতপুর থানার পাবলা মধ্যপাড়ার মন্দিরের কাছে মৃত খন্দকার আবদুস সোবহানের বাড়িতে বুধবার বেলা সাড়ে ১০টার দিকে থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তরফদারের নেতৃত্বে একদল যুবক হামলা চালায়। হামলাকারীরা বাড়ির কক্ষগুলোর দরজা, জানালা, আসবাব ভাঙচুর করে বাইরে ফেলে দেয়। তাদের বাধা দিতে এলে সোবহানের বৃদ্ধ স্ত্রী তাসলিমা বেগম (৬০), মেয়ে, ছেলে ও নাতনিদের লাঠিপেটা করে।ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৩ সালে তাসলিমা বেগমের স্বামী খন্দকার আবদুস সোবহান স্থানীয় খগেন্দ্র নাথ দাশের কাছ থেকে বাড়িটি কিনে বসবাস শুরু করেন। ২০০৫ সালে সোবহান মারা যান। এরপর ২০০৯ সালের ১৪ জানুয়ারি জেলা প্রশাসন থেকে ইজারা গ্রহণ করার কথা বলে আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান তরফদার বাড়ির সামনের গাছে একটি সাইনবোর্ড লাগিয়ে দেন। এ ঘটনার প্রতিবাদ ও প্রতিকার চেয়ে ২০০৯ সালের ১৫ জানুয়ারি জিডি করেন তাসলিমা বেগম। পাশাপাশি জেলা প্রশাসনের কাছে বন্দোবস্ত বাতিলের আবেদন ও আদালতে মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন। এ অবস্থায় তাদের বাড়ি থেকে জোর করে উচ্ছেদের চেষ্টা করা হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করে।আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান তরফদার বলেন, ‘ওই বাড়িটি সরকারি খাস জমি। খুলনা জেলা প্রশাসন থেকে ১৯৯৭ সালে বন্দোবস্ত নিয়েছি। কিন্তু তাসলিমা ও তাঁর ছেলেমেয়েরা দখল করে রেখেছেন। তাঁদের চলে যেতে বলা হয়েছে, কিন্তু যাননি। উল্টো জমির মালিকানা দাবি করে সরকারের বিরুদ্ধে মামলা করেছেন।’ তিনি দাবি করেন, ‘আমার কোনো লোকজন ভাঙচুর বা হামলার সঙ্গে জড়িত নেই।’ দৌলতপুর থানার উপপরিদর্শক রুহুল কুদ্দুস বলেন, ‘জমির মালিকানা নিয়ে বৃদ্ধ তাসলিমা ও আওয়ামী লীগের নেতা মিজানের দ্বন্দ্ব চলছে। এ দ্বন্দ্বের জের ধরে পরিবারটির সদস্যদের মারধর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি।’