নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পাবনা সদর উপজেলা পরিষদের জামায়াত-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনী প্রচারণায় ধর্মকে ব্যবহার করছেন। পাশাপাশি যুদ্ধাপরাধীদের রক্ষার আবেদন জানিয়ে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধাসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। তাঁরা অভিযোগ করেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়াটা জামায়াতের মূল লক্ষ্য নয়। এ নির্বাচনকে ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যুদ্ধাপরাধীদের পক্ষে জনমত সৃষ্টি করাই তাঁদের লক্ষ্য।
সরেজমিনে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণার পরই জামায়াত-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইকবাল হোসাইন শহরের মোড়ে মোড়ে বড় বড় সাইনবোর্ড লাগাতে শুরু করেন। এসব সাইনবোর্ডে প্রার্থীর নিজের ছবির সঙ্গে শোভা পাচ্ছে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা আবদুস সুবহান ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি। সাইনবোর্ডগুলোতে জামায়াতের পক্ষে বিভিন্ন ‘সাফাই’সংবলিত লেখা রয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন বাড়ি ও দোকানপাটে সাঁটানো হয় রঙিন লিফলেট। এসব লিফলেটে বর্তমান সরকারের নানা ধরনের সমালোচনা তুলে ধরা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে পোস্টারে দলীয় নেতাদের ছবি থাকাও আচরণবিধি লঙ্ঘনের শামিল।
সম্প্রতি মাইকিং করেও প্রচার করা হচ্ছে সরকারবিরোধী নানা তথ্য। ধর্মীয় গান ও গজল পরিবেশনের পাশাপাশি মাইকিংয়ে তুলে ধরা হচ্ছে বর্তমান সরকারের ‘লুটপাট ও দুঃশাসন’র কথা। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কারাবন্দী জামায়াত নেতাদের পক্ষে বিভিন্ন সাফাই গেয়ে তাঁদের রক্ষার জন্য ভোট প্রার্থনা করা হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় এভাবেই প্রচারণা চালাচ্ছেন জামায়াতের প্রার্থী।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পাবনা জেলা ইউনিট কমান্ডার মো. হাবিবুর রহমান বলেন, বিভিন্ন কৌশলে জামায়াত যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছে। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করেও তারা নতুন কৌশল নিয়েছে। কিন্তু বাংলার জনগণ এতে কখনই সমর্থন দেবে না। তারা ভোটের মাধ্যমে জামায়াতের এই ছলচাতুরীর জবাব দেবে।
পাবনার সুচিত্রা সেন সঞ্চৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক বলেন, ইসলাম ধর্মে গিবত করা হারাম। কিন্তু জামায়াত নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অন্যের গিবত করে নিজেদের পক্ষে সাফাই গাইছে। এটা তাদের নির্বাচনী প্রচারণা নয়, যুদ্ধাপরাধীদের রক্ষার কৌশল মাত্র। তিনি জামায়াতের এ ধরনের প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে নির্বাচন কমিশনকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পাবনার ড্রামা সার্কেলের সহসভাপতি ফারুক হোসেন চৌধুরী বলেন, ‘নির্বাচনী প্রচারণার নামে জামায়াত ধর্মীয় সেন্টিমেন্ট ব্যবহার করছে। এটা নির্বাচনী আইনসংগত নয় বলে আমরা মনে করি। তাই এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।’
জামায়াত-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইকবাল হোসাইন বলেন, ‘সব দলই তাদের প্রচার-প্রচারণায় নিজেদের আদর্শ মানুষদের নাম ও ছবি ব্যবহার করে। আমরাও নির্বাচন আচরণবিধি মেনে তা করেছি। আমাদের প্রচারণায় যাঁদের নাম ব্যবহার করা হচ্ছে তাঁরা এ জেলারই সন্তান। মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলেও জেলার উন্নয়নে তাঁদের ব্যাপক ভূমিকা রয়েছে। এতে অন্যায় কিছু হয়নি।’
জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেঞ্জামিন রিয়াজী বলেন, নির্বাচনী প্রচারণায় ধর্মের ব্যবহার আচরণবিধির পরিপন্থী। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।