বন বিভাগের অনুমতি ছাড়াই সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ঢাকার নির্বাহী বৃক্ষপালনবিদের কার্যালয় থেকে নিলামে দেওয়া সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের প্রায় তিন কোটি টাকার গাছ কাটা হচ্ছে। মহাসড়কের গাছ কাটতে স্থানীয় বন বিভাগের অনুমতি নেওয়ার বিধান থাকলেও তা না করে সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য এসব গাছ কাটা হচ্ছে।
গাছ কাটার দায়িত্বে থাকা ঠিকাদারের লোক আবদুস শহীদকে গতকাল শনিবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। বন বিভাগের লোকজন তাঁকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে দেন। তাঁর বিরুদ্ধে চিহ্নিত গাছের বাইরে অতিরিক্ত গাছ কাটার অভিযোগ উঠেছে।
বৃক্ষপালনবিদের কার্যালয়ের উপবিভাগীয় বৃক্ষপালনবিদ আবদুল্লাহ আল মামুন স্বীকার করেছেন, বনজদ্রব্য পরিবহন নিয়ন্ত্রণ বিধিমালা, ২০১১ সম্পর্কে তাঁদের জানা ছিল না। ২০০৫ সালের আইন অনুযায়ী বন বিভাগকে না জানিয়েই এসব গাছ নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে ৫৪১টি গাছ বিক্রি করা হয়েছে ২৮ লাখ ৯৮ হাজার ৭৭৫ টাকায়। তবে বন বিভাগের হিসাব অনুযায়ী এসব গাছের বর্তমান বাজারদর তিন কোটি পাঁচ লাখ ৮২ হাজার ৭০ টাকা। পাঁচ দিন ধরে পৌর শহরের মল্লিকপুর এলাকায় একটি সেতুর পাশে আরও ৮৬টি গাছ কাটা হচ্ছে। এসব গাছ কাটার বিষয়ে জানতে গতকাল সুনামগঞ্জ পৌরসভায় সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল। সেখানেই ওই কর্মকর্তা বিষয়টি স্বীকার করেন।
বৈঠকে অন্যদের মধ্যে সুনামগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুল আমিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে ১৩টি সেতু নির্মাণে নিয়োজিত ইস্টার্ন ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের পরিচালক প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস, জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এ কে এম জহিরুল হক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এ কে এম জহিরুল হক বলেন, ‘বনজদ্রব্য পরিবহন নিয়ন্ত্রণ বিধিমালা, ২০১১-এর ৫ বিধি অনুযায়ী, মহাসড়কের কোনো বনজদ্রব্য কর্তন ও অপসারণ করতে হলে বন বিভাগের সংশ্লিষ্ট জেলা পর্যায়ের কর্মকর্তাকে অবশ্যই জানাতে হবে। পরে বন বিভাগ তদন্ত করে গাছ চিহ্নিত করে নম্বর ও সিল দিয়ে দেবে। এরপর গাছ কাটা বা অপসারণ করা যাবে। কিন্তু সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে নির্বিচারে “বৃক্ষনিধন” শুরুর আগে বন বিভাগকে জানানো হয়নি। তাঁরা বারবার বাধা দিয়েও গাছ কাটা বন্ধ করতে পারেননি। গত জুন-জুলাই মাসে ৩২৬টি গাছ কাটা হয়েছে। আমাদের হিসাবমতে এখানে প্রায় তিন কোটি টাকার গাছ কাটা হচ্ছে।’
বন বিভাগের এই কর্মকর্তা জানান, সর্বশেষ জেলা শহরের পাশে গাছ কাটতে এলে স্থানীয় পরিবেশ আন্দোলনের কর্মীরা বাধা দেন। তখন বন বিভাগ ও বৃক্ষপালনবিদের কার্যালয় যৌথভাবে হিসাব করে এখানে ৭৯টি গাছ কাটার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখন ৮৬টি গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে।
প্রকৌশলী আনোয়ারুল আমিন বলেন, ‘সওজ বিভাগের নির্বাহী বৃক্ষপালনবিদের কার্যালয় থেকে এসব গাছ বিক্রি করা হয়েছে। আমরা শুধু প্রকল্প বাস্তবায়নের জন্য জায়গা বুঝিয়ে দিয়েছি।’
উপবিভাগীয় বৃক্ষপালনবিদ আবদুল্লাহ আল মামুন আরও জানান, তাঁরা আইনটি জানার পর সেটি অনুসরণ করার চেষ্টা করা হয়েছে। পৌর শহরের মল্লিকপুরে ৭৯টি গাছ কাটতে বলার পরও কেন ৮৬টি কাটার অনুমতি দেওয়া হলো—এ বিষয়ে তিনি জানান, এটা আগের কার্যাদেশ ছিল। এখানে ৭৯টির ওপরে কোনো গাছ কাটতে দেওয়া হবে না।’ গাছের দরের বিষয়ে তিনি জানান, এটা তাঁদের মাঠপর্যায়ের কর্মকর্তারা নির্ধারণ করেছেন। পৌর মেয়র আয়ূব বখত জগলুল জানান, এই মহাসড়কে যে ১৩টি সেতু নির্মিত হচ্ছে, এটা জেলাবাসীর দীর্ঘদিনের দাবির ফসল। আমরা সেতু চাই। কিন্তু সেতু নির্মাণের জন্য নির্বিচারে বৃক্ষনিধন চলছে, এটা দুঃখজনক। গাছ বিক্রিতে দুর্নীতি হয়েছে, বিষয়টির তদন্ত হওয়া উচিত।’