বিধি বাস্তবায়ন হলেই শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দের অতিদূষণ নিয়ন্ত্রণে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা দরকার। বিদ্যমান বিধির বাস্তবায়ন হলে শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব।
রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে শব্দদূষণ প্রতিরোধে কার্যকর পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহারবিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। পরিবেশ অধিদপ্তর ও শব্দদূষণ নিয়ন্ত্রণ নিয়ে কাজ করা জার্মানভিত্তিক প্রতিষ্ঠান সাউন্ডপ্ল্যান যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করেছে।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী। তিনি বলেন, ‘অতিশব্দ (নয়েজ) নিয়ে আমরা অনেক বড় সমস্যায় পড়েছি। আমাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় সচেতনতা তৈরির কথা বলা আছে। আমরা কাজ করে যাচ্ছি।’
এরপর সাউন্ডপ্ল্যানের আন্তর্জাতিক পরামর্শক মিশেল রোসমোলেন অতিশব্দ কী, কীভাবে হয়, এর ক্ষতিকর দিক নিয়ে একটি উপস্থাপনা দেন। তিনি বলেন, অতিশব্দের কারণে শ্রবণক্ষমতা কমে যায়। এর কারণে উচ্চ রক্তচাপ, বিরক্তি, মানসিক চাপ, হৃদ্রোগও হয়।
মিশেল রোসমোলেন বলেন, এই অতিশব্দের কারণে ২০ থেকে ৬৯ বছর বয়সী ২ কোটি ৬০ লাখ আমেরিকান কানে কম শোনে। এ ছাড়া অতিশব্দে কর্মক্ষমতাও কমে যায়। এটা কমাতে হলে যে উৎস থেকে অতিশব্দ হয় সেখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তা কমানো যায়।
সাউন্ডপ্ল্যানের বাংলাদেশি পরামর্শক এ আহসান হাবীব বলেন, ‘আমরা সব সময় ঘরের বাইরের শব্দদূষণ নিয়ে কথা বলি। কিন্তু, ভেতরের শব্দদূষণ নিয়ে কথা বলি না। যেমন জেনারেটরের শব্দ। বাংলাদেশে যে যন্ত্রগুলো আসে বিদেশ থেকে সেসবের শব্দ নির্গমনের নিয়ন্ত্রণ পরীক্ষা করে আনা উচিত।’ শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আইন বাস্তবায়নে আমরা বেশ দুর্বল। আইন যতটুকু আছে ততটুকু মানলেই হবে। এ ছাড়া জনগণের মধ্যে সচেতনতা তৈরি করাও দরকার।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহযোগী অধ্যাপক নাজমুল ইমাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাসসহ পরিবেশ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।