বিধি অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬০ বছর। চুক্তিভিত্তিক হিসেবে আরও পাঁচ বছর বাড়িয়ে ৬৫ বছর পর্যন্ত চাকরি করা যায়। এরপর কোনো শিক্ষককে পুনর্নিয়োগ দেওয়া যাবে না। কিন্তু চট্টগ্রাম নগরের ইসলামিয়া কলেজের অধ্যক্ষের ক্ষেত্রে এ বিধি মানা হয়নি। ৬৬ বছর বয়সেও অধ্যক্ষের দায়িত্ব পালন করে যাচ্ছেন রেজাউল কবির।
বিধি ভঙ্গসহ তাঁর নানা অনিয়ম তুলে ধরে শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে সম্প্রতি চিঠি দিয়েছেন কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি পক্ষ। এতে সই করেন ৩৩ জন। চিঠিতে এসব ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তাঁরা।
কলেজের তিন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পর অধ্যক্ষ শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছেন।
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় অবস্থিত ইসলামিয়া কলেজে বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার শিক্ষার্থী আছে। শিক্ষক আছেন ৮৫ জন। এ কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্স রয়েছে।
কলেজ সূত্র জানায়, ১৯৯০ সালের জুলাই মাসে ইসলামিয়া কলেজে যোগ দেন রেজাউল কবির। ২০১১ সালের ১ জুন ৬০ বছর পূর্ণ হওয়ায় তিনি চাকরি থেকে অবসর নেন। এরপর থেকে তিনি চুক্তিভিত্তিক মেয়াদে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ ২০১৭ সালের জুনে তাঁর ৬৬ বছর পূর্ণ হয়।
‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজশিক্ষকদের চাকরির শর্তাবলি রেগুলেশন (সংশোধিত) ২০১৫’-এর ১৪ ধারা অনুযায়ী, একজন শিক্ষকের বয়স ৬০ বছর পূর্ণ হলে ওই বছরের জুন মাসের শেষ দিন অর্থাৎ ৩০ জুন শিক্ষকতা হতে অবসর নেবেন। কলেজের পরিচালনা পর্ষদ ৬৫ বছর পর্যন্ত তাঁকে পুনর্নিয়োগ দিতে পারে। এ ছাড়া একজন অধ্যক্ষের পুনর্নিয়োগ পরিচালনা পর্ষদের সুপারিশক্রমে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত হতে হবে।
জানতে চাইলে অধ্যক্ষ রেজাউল কবির প্রথম আলোকে বলেন, কলেজ পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এক বছর আগে (২০১৬ সালের জুনে) তাঁর চুক্তির মেয়াদ দুই বছরের জন্য বাড়ানো হয়েছে। পরবর্তী কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত তাঁকেই অধ্যক্ষের দায়িত্ব পালন করতে বলা হয়েছে বলে দাবি করেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদন নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি অনুমোদনের অপেক্ষায় আছে।
এ ব্যাপারে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও সংসদ সদস্য এম এ লতিফ প্রথম আলোকে বলেন, কলেজ পরিচালনায় রেজাউল কবিরের দক্ষতার কারণে তাঁর মেয়াদ বাড়ানো হয়েছে।