বিধি ভঙ্গ করে হাজীগঞ্জেও প্রার্থী দিল বড় দুই দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিধি ভঙ্গ করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগ থেকে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। উপজেলার বেশির ভাগ ইউনিয়নে পৃথক বর্ধিত সভা করে দুই দল থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বর্ধিত সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।সূত্র জানায়, উভয় দল থেকে দলীয় প্রার্থী চূড়ান্ত করার কারণে অনেক যোগ্য প্রার্থী বাদ পড়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রার্থী অভিযোগ করেন, তৃণমূল নেতাদের ভোটে যেসব প্রার্থী চূড়ান্ত করা হয়েছে, তাঁদের বেশির ভাগই শুধু টাকার জোরে প্রার্থিতা পেয়েছেন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন বলেন, প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করে তৃণমূল নেতাদের ভোটে বা ইউনিয়ন কাউন্সিলররা আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করেছেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান বলেন, ‘এটা দলের সিদ্ধান্ত। আমরা সব কটি ইউনিয়নে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে রেখেছি।’উপজেলা নির্বাচন কর্মকর্তা বিকাশ চন্দ্র দে বলেন, ইউপি নির্বাচন দলীয় নির্বাচন নয়। এখানে কোনোভাবে দল থেকে প্রার্থী চূড়ান্ত করার সুযোগ নেই।