বিধি ভঙ্গের অভিযোগে মেয়র পদপ্রার্থীকে কারণ দর্শাও
নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ার হোসেনকে গতকাল মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। চারঘাট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার পিরোজপুর ডালিপাড়ায় কবির হোসেন নামের এক ব্যক্তি আনোয়ার হোসেনের পক্ষে নির্বাচনী ব্যানার টানিয়েছিলেন। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যানার জব্দ করেন এবং প্রার্থী আনোয়ার হোসেনের বিরুদ্ধে কেন নির্বাচনী বিধি ভঙ্গের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে না—এই মর্মে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে।রিটার্নিং কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, নির্বাচনী বিধি-৪-এর অধীনে নির্বাচনে কোনো ব্যানার টানিয়ে প্রচার-প্রচারণা চালানো যাবে না। শুধু পোস্টার-লিফলেট ব্যবহার করা যাবে। এ ছাড়া ২৭ ডিসেম্বরের আগে কোনো প্রচারণা চালানো যাবে না। কিন্তু ব্যানার টানানোর মাধ্যমে আনোয়ার হোসেন এরই মধ্যে প্রচারণায় নেমে পড়েছেন। এ কারণে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আনোয়ার হোসেন জানান, তিনি এখনো নোটিশ হাতে পাননি। তবে শুনেছেন। তাঁর পক্ষে একজন ব্যানার টানিয়েছিল। ওই এলাকায় তিনি এক দিনও যাননি।