বিধি ভঙ্গের দায়ে আটজনের জেল-জরিমানা
নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে পটুয়াখালী, গাইবান্ধা ও নীলফামারীতে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আর জয়পুরহাট ও গাইবান্ধায় পাঁচজনকে জরিমানা করা হয়েছে। বগুড়ার ধুনটে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পটুয়াখালী: টাকা দিয়ে ভোট কেনার সময় পটুয়াখালীতে দোহা (২৫) নামের এক যুবককে আটক করে সাত দিনের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত পৌনে আটটায় শহরের কলের পুকুরপাড় বস্তি এলাকা থেকে নয় হাজার টাকাসহ ভ্রাম্যমাণ আদালত তাঁকে আটক করেন। নীলফামারী: আলী হোসেন (৫৬) নামের এক ব্যক্তি গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শহরের মুন্সিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী দেওয়ান কামাল আহম্মেদের ঋণখেলাপির কারণে মনোনয়ন বাতিল হয়েছে—এমন কাগজপত্র বিলি করছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে হাতেনাতে ধরে ফেলে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। গাইবান্ধা: দুপুরে গাইবান্ধা পৌরসভার কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেয়র পদপ্রার্থী আনোয়ার-উল-হাসানের মাইক প্রতীকের পক্ষে পোলিং এজেন্টের ভুয়া পরিচয়ে কাজ করার অভিযোগে মকবুল হোসেন নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত বিচার আদালতের বিচারিক হাকিম আজিজুর রহমান এই রায় দেন। একই বিচারক গাইবান্ধা সরকারি কলেজ কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বিভিন্ন প্রার্থীর তিনজন এজেন্টকে এক হাজার টাকা করে জরিমানা করেন। তাঁরা হচ্ছেন রাজু মিয়া (২২), আবদুর রহমান (১৮) ও খায়রুল ইসলাম (২১)।জয়পুরহাট: জয়পুরহাট পৌরসভার রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীর পক্ষে ভোটারদের টাকা দেওয়ার সময় নিয়ামুল বাশার চৌধুরী ও আ স ম মোক্তাদির নামের দুই যুবককে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায়ের পর ছেড়ে দেন। ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগে ভোটকেন্দ্র থেকে চারজনকে গ্রেপ্তার করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ হারুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাঁদের গ্রেপ্তার করেন।