বিধি ভেঙে চা-বাগানের ১০০ একর জমি বন্দোবস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা চা-বাগানের ১০০ একর জমি বিধি ভেঙে বাগানের এক শ্রমিককে বন্দোবস্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই শ্রমিকের পক্ষের লোকজন বন্দোবস্ত নেওয়া জমি দখলের চেষ্টা করলে বাগান কর্তৃপক্ষ আদালতে আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৩ জুলাই ওই জমিতে ১৪৪ ধারা জারি করেন।
বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফুলতলা চা-বাগান দি নিউ সিলেট টি এস্টেটস লিমিটেডের একটি প্রতিষ্ঠান। বাগানের ইজারাভুক্ত মোট জমির পরিমাণ দুই হাজার ৬৩৬ দশমিক ৬৬ একর। বাগানের অস্থায়ী শ্রমিক এলবিনটিলা এলাকার বাসিন্দা মদন বুনারজি গত ২৯ মে কুলাউড়ার জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে একটি স্বত্ব মামলা করেন। মামলার আরজিতে বলা হয়, ২০০৩ সালের ৮ জানুয়ারি ফুলতলা চা-বাগান ব্যবস্থাপনার দায়িত্বে থাকা দি প্ল্যানটেশন সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিক ও মদন বুনারজির মধ্যে একটি চুক্তিনামা হয়।
ওই চুক্তিনামায় উল্লেখ করা হয়, প্রথম পক্ষ মোহাম্মদ শফিক ফুলতলা চা-বাগান মৌজার (জেএল নম্বর ১৬০) ১৬, ১৭ ও ১৮ নম্বর খতিয়ানের ৪১২৯, ৪১২৪, ৪১৩৮, ৪১৩৯, ৪১৪০ ও ৪১৪৭ নম্বর দাগের মোট ১০০ একর জমি ২০ বছরের জন্য ২৫ লাখ টাকায় দ্বিতীয় পক্ষ মদন বুনারজিকে বন্দোবস্ত দেন। ১০ জুলাই সকালে মদন বুনারজি লোকজন নিয়ে বন্দোবস্ত নেওয়া জমিতে একটি টিনের ঘর নির্মাণের প্রস্তুতি নেন। খবর পেয়ে বাগানের শ্রমিকেরা ধাওয়া করলে তিনি চলে যান। পরদিন বাগানের ব্যবস্থাপক এফজাল আহমদ চৌধুরী মদন বুনারজির বিরুদ্ধে উল্লিখিত জায়গায় বেআইনিভাবে প্রবেশ করে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির অভিযোগ এনে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা হাকিমের আদালতে আবেদন করেন। আদালত ওই জায়গায় ১৪৪ ধারা জারি করে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
বাগানের ব্যবস্থাপক এফজাল আহমদ চৌধুরী বলেন, ‘মোহাম্মদ শফিক ২০০৪ সাল থেকে কোম্পানিতে নেই। বাগানের আগের দাপ্তরিক নথিপত্রে থাকা তাঁর (শফিক) স্বাক্ষরের সঙ্গে চুক্তিনামার স্বাক্ষর মিলিয়ে ভিন্ন দেখা গেছে। এ ছাড়া বাগানের কার্যালয়ে চুক্তিনামার ব্যাপারে কোনো দলিলপত্র খুঁজে পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষও এ ব্যাপারে কিছু জানে না। এতে মনে হচ্ছে, চুক্তিনামাটি ভুয়া।’
মুঠোফোনে কথা বললে চুক্তিনামা সঠিক দাবি করেন মদন বুনারজি। অনেক চেষ্টা করেও মুঠোফোনের নম্বর না পাওয়ায় মোহাম্মদ শফিকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘ফুলতলা চা-বাগানের জমির মালিক সরকার। এটা বাগান কর্তৃপক্ষকে নির্দিষ্ট মেয়াদে ইজারা দেওয়া হয়েছে। ইজারার শর্তানুযায়ী, ওই জমি বাগান কর্তৃপক্ষ অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সাব-লিজ (উপ-ইজারা) দিতে পারে না। এটা কেউ করে থাকলে তা অবৈধ।’
বাগান কর্তৃপক্ষের আইনজীবী মো. মামুনুর রশীদ মদন বুনারজির করা স্বত্ব মামলা সম্পর্কে বলেন, আইনের দৃষ্টিতে আদালতের শরণাপন্ন যে কেউ হতে পারেন। তবে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে, কাগজপত্র দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
জুড়ী থানার ওসি মাহবুবুর রহমান জানান, আদালতের নির্দেশনা পাওয়া গেছে। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে।