বিধি ভেঙে ভোট প্রার্থনা সাঈদ খোকনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন গতকাল দুপুরে বায়তুল মোকাররম এলাকায় প্রচারণা চালান l ছবি: প্রথম আলো
ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন গতকাল দুপুরে বায়তুল মোকাররম এলাকায় প্রচারণা চালান l ছবি: প্রথম আলো

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ভোট চেয়েছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় বায়তুল মোকাররমের পেশ ইমাম মিজানুর রহমান মোনাজাতে তাঁর জয়ের জন্য দোয়াও চান।
সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১০-এর ১২ নম্বর ধারায় আছে, ‘কোনো প্রার্থী বা তাহার পক্ষে কোনো ব্যক্তি মসজিদ, মন্দির, গির্জা বা অন্য কোনো উপাসনালয়ে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালাইতে পারিবেন না।’
সাঈদ খোকন বায়তুল মোকাররমে জুমার নামাজ শুরুর আগে বলেন, বায়তুল মোকাররম মসজিদের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক রয়েছে। এই মসজিদে তাঁর বাবার জানাজা হয়েছে। দাদা মাজেদ সরদারও মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। নির্বাচিত হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জন্য যা যা দরকার, সবই করবেন তিনি। একপর্যায়ে ইলিশ মাছ প্রতীকে ভোট দিতে তিনি মুসল্লিদের প্রতি আহ্বান জানান।
পরে ফোনে যোগাযোগ করা হলে সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘আমি বায়তুল মোকাররমে নামাজ আদায় করেছি, মুসল্লিদের কাছে দোয়া চেয়েছি। এটা যদি আচরণবিধি লঙ্ঘন হয়, তাহলে সেই বিধি পরিবর্তন করা উচিত।’
এর আগে রাজধানীর নিউমার্কেট এলাকায় সেনা মোতায়েন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাঈদ খোকন বলেন, ‘এটা নির্বাচন কমিশনের বিষয়। আমি প্রার্থী। এ বিষয়ে কী বলব? জনগণই আমার সেনাবাহিনী। আমার সেনাবাহিনীর দরকার নেই।’ তিনি বলেন, নির্বাচিত হলে নগরপিতা নয়, সন্তান হিসেবে সেবা করবেন।
এরপর নিউমার্কেট থেকে আজিমপুর কবরস্থানে গিয়ে বাবা মোহাম্মদ হানিফের করব জিয়ারত করেন সাঈদ খোকন। বিকেলে খিলগাঁও এলাকায় পথসভায় যোগ দেন ও জনসংযোগ করেন তিনি।
খোকনকে সমর্থন শহিদুলের: গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত মেয়র প্রার্থী শহিদুল ইসলাম সাঈদ খোকনকে সমর্থন দিয়েছেন। শহীদুল বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এবং সন্ত্রাসী, গডফাদার, নাশকতা সৃষ্টিকারীরা যেন নির্বাচিত না হতে পারে, সে জন্য পরিস্থিতি বিবেচনায় ও জাসদ নেতা-কর্মীদের অনুরোধে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’ এ সময় জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার, মীর আখতার হোসাইন, আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।