বিধি ভেঙে মনোনয়নপত্র দাখিল, বাজছে একাধিক মাইক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গতকাল রোববার কয়েক শ মোটরসাইকেলে মহড়া দিয়ে শহর দাপিয়ে এবং নেতা-কর্মীদের নিয়ে শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা।
এদিকে নীলফামারীতে আচরণবিধি অমান্য করে একই প্রার্থী একাধিক মাইক ব্যবহার করছেন। এর ফলে শব্দদূষণে অতিষ্ঠ হয়ে পড়েন শহরবাসী। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীরা বেশি দুর্ভোগে পড়েছে।
বগুড়ায় মনোনয়নপত্র জমা: ৩১ মার্চ পঞ্চম দফায় বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল ছিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। চেয়ারম্যান পদে নয়জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়নপত্র দাখিল করার আগে সকাল থেকেই চেয়ারম্যান পদপ্রার্থী কয়েকজন কয়েক শ মোটরসাইকেল নিয়ে শহর দাপিয়ে বেড়ান। এরপর তাঁরা সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান, বগুড়া জেলা যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর সিপার আল বখতিয়ার, জেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলী আজগর হেনা এবং শহর বিএনপির সভাপতি মাহবুবর রহমান।
এ ব্যাপারে সুলতান মাহমুদ খান বলেন, ‘শহরের সাতমাথায় দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে সদর উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেছি। এটাকে শোডাউন বলা ঠিক হবে না। কারণ, মোটরসাইকেলের বহর নিয়ে সেখানে গেলেও কেউ স্লোগান দেয়নি, কাজেই আচরণবিধি লঙ্ঘনও হয়নি।’
সিপার আল বখতিয়ার বলেন, ‘প্রতীক বরাদ্দ না পাওয়া পর্যন্ত শোডাউন, শোভাযাত্রার ওপর কোনো বিধিনিষেধ নেই। তা ছাড়া দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কারণে মনোনয়নপত্র দাখিলের খবর পেয়ে নেতা-কর্মীরা এমনিতেই এসে শোডাউনে যোগ দেন, তাই কাউকে নিষেধও করা যায়নি।’ তবে বিএনপির নেতা মাফতুন আহমেদ খান, আলী আজগর হেনা ও মাহবুবর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাচনের সর্বশেষ সংশোধিত বিধিমালায় উল্লেখ করা হয়েছে, কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের মিছিল বা শোডাউন করতে পারবেন না।
বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম বলেন, মনোনয়নপত্র জমাদানকালে কোনো প্রার্থী মিছিল, শোভাযাত্রা বা মোটরসাইকেলের মহড়া করলে তা রীতিমতো আচরণবিধি লঙ্ঘন। কোনো প্রার্থী শোভাযাত্রা বা মহড়া দিয়ে মনোনয়নপত্র দাখিল করতে এলে এবং তাঁর বিরুদ্ধে কেউ এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ করলে নির্বাচনী বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারীতে মাইকের শব্দে শহরবাসী অতিষ্ঠ: নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী একই সঙ্গে পথসভার জন্য একটি এবং নির্বাচনী প্রচারণার জন্য একটির বেশি মাইক ব্যবহার করতে পারবেন না। তাও বেলা দুইটার পর থেকে রাত আটটা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার সময় এবং হাসপাতাল-ক্লিনিকের ২০০ মিটারের মধ্যে মাইক ব্যবহার করা যাবে না।
গতকাল শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেলা দুইটা বাজার সঙ্গে সঙ্গে একাধিক যানবাহনে দুটি হর্নবিশিষ্ট প্রচারমাইক দিয়ে একই প্রার্থীর প্রচার চলছে।
শহরের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, শহরে এমনিতে প্রার্থী বেশি। তার ওপর একই প্রার্থীর দুইয়ের বেশি মাইক ব্যবহারের কারণে বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত শব্দের যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তার ওপর চলছে এসএসসি ও বিএ পরীক্ষা। পরীক্ষার্থীরাও ওই সময়ে লেখাপড়া করতে পারছে না।
বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সামসুজ্জামান বলেন, ‘আসলে কয়টি মাইক ব্যবহার করা যাবে, বিষয়টি আমি খেয়াল করিনি। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে বিধিনিষেধ থাকলে প্রচারকাজে নিয়োজিত দুটির বেশি মাইক বন্ধ করে দেব।’
আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুজার রহমানের প্রধান নির্বাচন সমন্বয়কারী মোশফিকুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। সবাই দুটির বেশি মাইক বাজিয়ে প্রচারণা চালাচ্ছে, আমরাও সেই হিসেবে করেছি। বিষয়টি জেনে নিয়ে নির্বাচনী বিধি অনুযায়ী যতটি মাইক ব্যবহার করা যাবে, সে অনুযায়ী আমরা করব।’
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক এস এ এম রফিকুন্নবী বলেন, একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুটির বেশি মাইক ব্যবহার করে থাকলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচন ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।