বিধি ভেঙ্গে বন্দরে সরকার-সমর্থক শ্রমিক সংগঠনকে নিবন্ধন
চট্টগ্রাম বন্দরের অর্ধেকের বেশি শ্রমিক-কর্মচারীকে বাইরে রেখে একটি শ্রমিক সংগঠনকে গত বৃহস্পতিবার নতুন করে নিবন্ধন (রেজিস্ট্রেশন) দেওয়া হয়েছে। আবার এ নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আইনের বিধিবিধান মানা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। নিবন্ধন পাওয়া নতুন সংগঠনের নাম ‘চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ’। সংগঠনটি চট্টগ্রাম সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থনপুষ্ট বলে জানা গেছে। বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মচারীর সংখ্যা প্রায় পাঁচ হাজার। এর মধ্যে ট্রেড ইউনিয়ন করার যোগ্য কর্মচারীর সংখ্যা চার হাজার ৩৩৭ জন। এর মধ্যে নিবন্ধন পাওয়া আওয়ামী লীগের একাংশ এবং কমিউনিস্ট পার্টির সমর্থনপুষ্ট পরিষদের সদস্য দুই হাজার ৭৪। বিএনপি, আওয়ামী লীগের একাংশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থনপুষ্ট ‘চট্টগ্রাম বন্দর কর্মচারী ইউনিয়নের’ সদস্য দুই হাজার ৭১০ জন। নিবন্ধন না পাওয়ায় ইউনিয়ন আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে।অভিযোগ উঠেছে, স্থানীয় যুগ্ম শ্রম পরিচালকের দপ্তর নতুন শ্রমিক সংগঠনের নিবন্ধন দিতে গিয়ে আইনের বিধি লঙ্ঘন করেছে। শ্রম আইন অনুযায়ী, অন্য সব শর্ত ঠিকভাবে পূরণ করা হলে যে শ্রমিক সংগঠন আগে আবেদন করবে কিংবা যাদের সদস্যসংখ্যা বেশি থাকবে, তাদের আগে নিবন্ধন দেওয়া হবে। জানা গেছে, বিরোধী দল-সমর্থক শ্রমিক সংগঠনের সদস্যসংখ্যা বেশি। এ ছাড়া নিবন্ধনের জন্য চট্টগ্রাম বন্দর কর্মচারী ইউনিয়ন গত ২২ ডিসেম্বর আবেদন করে। আর চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ আবেদন করে সাত দিন পর গত ২৯ ডিসেম্বর। নিবন্ধনের বিষয়ে জানতে চট্টগ্রামের যুগ্ম শ্রম পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানের মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি। তবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, নতুন শ্রম আইন অনুযায়ী একটি সংগঠনের নিবন্ধন দেওয়ার পর বাকিগুলোর নিবন্ধন আপনা-আপনি বাতিল হয়ে যাবে। এখন অন্য সংগঠনের সদস্যদের নতুন নিবন্ধন পাওয়া সংগঠনের সদস্য হতে হবে। নতুন সংগঠনকে বিধি লঙ্ঘন করে কেন নিবন্ধন দেওয়া হলো—জানতে চাইলে শাজাহান খান বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না। সেটা শ্রম মন্ত্রণালয় দেখে। আমার কাজ বন্দর সচল রাখা।’ এ বিষয়ে জানতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের মোবাইলে বারবার ফোন করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।বন্দর সূত্র জানায়, শ্রম আইন সংশোধন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শ্রমিক-কর্মচারীদের ট্রেড ইউনিয়ন সংগঠনের সংখ্যা পাঁচটি থেকে একটিতে নামিয়ে আনতে গত ১২ নভেম্বর সরকারি গেজেট প্রকাশিত হয়। এরপর বন্দরের পাঁচটি শ্রমিক সংগঠন ভাগাভাগি হয়ে দুটি জোট করে। দুটি জোট পৃথক নামে নিবন্ধনের জন্য স্থানীয় যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরে আবেদন করে।নিবন্ধন না পাওয়া সংগঠনের সাধারণ সম্পাদক কাজী নুরুল্লাহ বাহার বলেন, ‘শ্রম প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনা করে দুটি সংগঠনের সমন্বয় করে একটি সংগঠন করবেন বলে বলেছিলেন। এখন বন্দরের দুই-তৃতীয়াংশ শ্রমিককে বাইরে রেখে একতরফা একটিকে নিবন্ধন দেওয়া হলো। এতে শ্রম অসন্তোষ আরও তীব্র হবে। এ নিয়ে আগামী সোমবার থেকে আমরা আন্দোলন এবং আইনি লড়াই শুরু করব।’নিবন্ধন পাওয়া সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম বলেন, ‘যারা সংগঠনের বাইরে আছে, তাদের নতুন করে ডি ফরম পূরণ করে আমাদের সংগঠনের সদস্য হতে হবে। এরপর সিবিএ নির্বাচনে অংশ নিতে হবে।’ প্রতিদ্বন্দ্বী সংগঠনের সাত দিন পর আবেদন করে কীভাবে নিবন্ধন পেলেন—এমন প্রশ্নে তিনি বলেন, তারা জালিয়াতি করে পেছনের তারিখ দেখিয়ে আবেদনপত্র জমা দিয়েছে।