বিধি মানছে না সংসদীয় কমিটিগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসে অন্তত একটি বৈঠক করার বিধান থাকলেও তা মানছে না সংসদীয় স্থায়ী কমিটিগুলো। গত এক বছরে ৫০টি সংসদীয় কমিটির কোনোটিই মাসে একটি করে বৈঠক করেনি। মাত্র দুটি কমিটি গত ১২ মাসের মধ্যে ১১টি বৈঠক করেছে।

অর্থ, বাণিজ্য, স্বরাষ্ট্র, শিক্ষা, পররাষ্ট্র, প্রতিরক্ষা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক করার প্রবণতা কম।

সংসদের কার্যপ্রণালি বিধিতে বলা আছে, প্রতিটি স্থায়ী কমিটি মাসে অন্তত একটি বৈঠক করবে। কমিটির কাজ হলো মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা করা, মন্ত্রণালয়ের অনিয়ম ও গুরুতর অভিযোগ তদন্ত করা এবং বিল পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া বা সুপারিশ করা। কোনো কারণে কমিটির বৈঠক আহ্বান করা সম্ভব না হলে স্পিকার কমিটির সচিবকে বৈঠক আহ্বানের নির্দেশ দিতে পারবেন।

দশম জাতীয় সংসদে মন্ত্রণালয়-সম্পর্কিত ৩৯টি এবং বিষয় বা প্রতিষ্ঠানভিত্তিক ১১টি স্থায়ী কমিটি আছে।

সংসদ সচিবালয় থেকে পাওয়া গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত এক বছরের কমিটির বৈঠকের চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, গত এক বছরে মাত্র তিনটি বৈঠক করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। গত জুলাই পর্যন্ত সাড়ে তিন বছরে এই কমিটি মোট ১৪টি বৈঠক করেছে।

জানতে চাইলে এই কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক দাবি করেন, এক বছরে তিনটি বৈঠক করার তথ্য সঠিক নয়। তাঁরা আরও বেশি বৈঠক করেছেন। আর প্রতি মাসে বৈঠক করার নিয়মও নেই। তিনি প্রশ্ন রাখেন, ‘কাজ না থাকলে বৈঠক করব কেন? কারণ, মিটিংয়ের একটা খরচ আছে।’

প্রতি মাসে বৈঠক করার নিয়ম নেই বলে রুহুল হক যে দাবি করেছেন, তা সঠিক নয়। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৮ নম্বর ধারায় কমিটির কাজ সম্পর্কে বলা আছে। সেখানে বলা হয়েছে, ‘অনুরূপ প্রত্যেকটি স্থায়ী কমিটি মাসে অন্ততপক্ষে একটি বৈঠকে মিলিত হইবে।’

চারটি করে বৈঠক করেছে অর্থ, শিল্প, বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। গত এক বছরে পাঁচটি করে বৈঠক করেছে স্বরাষ্ট্র, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সী প্রথম আলোকে বলেন, কমিটির বৈঠক কিছু কম হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে ছিলেন, তিনি নিজেও বাইরে ছিলেন। এ ছাড়া বিভিন্ন সমস্যার কারণে তাঁরা নিয়মিত বৈঠক করতে পারেননি। তবে আগামী মাস থেকে তাঁরা নিয়মিত বৈঠক করবেন।

গত এক বছরে ছয়টি করে বৈঠক করেছে তথ্য, পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, প্রতিরক্ষা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।

সাতটি করে বৈঠক করেছে জনপ্রশাসন, আইন, বিচার ও সংসদ, যুব ও ক্রীড়া, বস্ত্র ও পাট, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।

আটটি করে বৈঠক করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, কৃষি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।

নয়টি করে বৈঠক করেছে পানিসম্পদ, ধর্ম, মহিলা ও শিশু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, পরিকল্পনা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।

১০টি করে বৈঠক করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। এ ছাড়া রেলপথ মন্ত্রণালয় ১১টি, নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি ১২টি এবং সবচেয়ে বেশি ১৪টি বৈঠক করেছে সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটি। তবে এই কমিটি চার মাস বৈঠক করেনি। কোনো কোনো মাসে একাধিক বৈঠক করেছে।

জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে নিয়মিত গবেষণা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ বিষয়ে জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, টিআইবির প্রতিবেদনেও সংসদীয় কমিটির বৈঠকের বিষয়ে এ ধরনের চিত্রই উঠে এসেছে। জাতীয় সংসদের তিনটি কাজের অন্যতম হলো সংসদীয় স্থায়ী কমিটির কাজ। জনগণের প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের জবাবদিহি নিশ্চিত করার কথা কমিটিগুলোর। সে হিসেবে কমিটির নিয়মিত বৈঠকের বিষয়টি তাদের কাছে প্রাধান্য পাওয়ার কথা। কিন্তু তা পাচ্ছে না।

ইফতেখারুজ্জামান বলেন, এর একটি কারণ হতে পারে, জবাবদিহির ক্ষেত্রে সদিচ্ছার অভাব। আরেকটি হলো, অনেক কমিটির সদস্যদের স্বার্থের দ্বন্দ্ব কাজ করে। দেখা যায়, কোনো কোনো কমিটির সভাপতি বা সদস্যের ব্যবসায়িক স্বার্থ থাকে, যে কারণে তাঁরা চান না কমিটি কার্যকর হোক। তিনি বলেন, সংসদকে সত্যিকার অর্থে কার্যকর করতে হলে এই অবস্থার উত্তরণ ঘটাতে হবে।