বিধি মেনে চলার অঙ্গীকার আজমতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত আজমত উল্লা খান নির্বাচন কমিশনের কারণ দর্শানোর জবাব দিয়েছেন। আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ, মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল করার অভিযোগে ২৮ মে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, মেয়র পদে লড়তে আগ্রহী আজমত উল্লা খান নিজেকে নির্দোষ দাবি করে এবং আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করে গত বৃহস্পতিবার ওই কারণ দর্শানোর জবাব দেন। জবাবে আজমত উল্লা উল্লেখ করেন, ‘গত ২৮ মে ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে টঙ্গী থানা আওয়ামী লীগ বিকেলে সমাবেশের আয়োজন করে। এ সমাবেশে যোগ দিতে স্থানীয় নেতা-কর্মীদের টঙ্গী নতুন বাজার দলীয় কার্যালয়ে উপস্থিত হতে আহ্বান জানানো হয়। রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আমিও নেতা-কর্মীদের সঙ্গে উপস্থিত হই। পরে নির্বাচন কমিশনের বিধিনিষেধ থাকায় পূর্বনির্ধারিত এ কর্মসূচি বাতিল করা হয়। এটা কোনো নির্বাচনী সভা বা নির্বাচনী প্রচার অভিযান ছিল না।’ আজমত উল্লা উল্লেখ করেন, ‘আমি একজন সামাজিক ও রাজনৈতিক কর্মী হিসেবে সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তার পরও ভবিষ্যতে আমি এবং আমার সকল নেতা-কর্মী-সমর্থক নির্বাচন আচরণবিধি যথারীতি মেনে চলতে ওয়াদাবদ্ধ। আমি আচরণবিধি লঙ্ঘন করি নাই। তাই আমার বিরুদ্ধে আনীত ওই অভিযোগ থেকে আমাকে অব্যাহতিদানে আজ্ঞা হয়।’গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান জবাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে।’