বিধি লঙ্ঘন করে আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকার সড়কের এক পাশ ‘দখলমুক্ত’ করে সেখানে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয় স্থাপন করা হয়েছে। এতে পৌরসভা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পৌরসভা নির্বাচনের আচরণবিধিতে এভাবে নির্বাচনী কার্যালয় স্থাপন করতে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। পৌরসভা (নির্বাচনী আচরণ) বিধিমালা, ২০১৫-এর ১৬ নম্বর বিধির ‘ঘ’তে উল্লেখ রয়েছে, কোনো সড়ক কিংবা জনগণের চলাচল ও সাধারণের ব্যবহারের নির্ধারিত স্থানে নির্বাচনী ক্যাম্প বা অফিস স্থাপন করা যাবে না।
যোগাযোগ করলে গোলাপগঞ্জ পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, এ বিষয়ে সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার কেন্দ্রস্থল চৌমুহনী। সড়কের এক পাশে জেলা পরিষদের পুকুরের সামনের ফাঁকা জায়গা ব্যবহৃত হয় ফুটপাত হিসেবে। একাংশে থাকে সিএনজিচালিত অটোরিকশা। গোলাপগঞ্জ পৌরসভার কর্মচারীরা এ জায়গা অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দিয়ে চারটি খুঁটি স্থাপন করেন। পরে দখলমুক্ত হওয়া স্থানে স্থাপন করা হয়েছে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র জাকারিয়া আহমদ পাপলুর নির্বাচনী কার্যালয়।
স্থানীয় লোকজনের অভিযোগ, নির্বাচনী কার্যালয় করতেই অবৈধ দখলে থাকা জায়গা দখলমুক্ত করার কৌশলে তৈরি করা হয়েছে নির্বাচনী কার্যালয়। গত রোববার বিকেলে সরেজমিনে দেখা গেছে, কার্যালয় থাকায় অটোরিকশাগুলো চৌমুহনীতে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না। জায়গা না পেয়ে গোলাপগঞ্জ-জকিগঞ্জ সড়কের একপাশে রাখা হচ্ছে অটোরিকশা।
কয়েকজন অটোরিকশাচালক জানান, গোলাপগঞ্জসহ সিলেট ও জকিগঞ্জ দিয়ে চলাচলকারী কিছু অটোরিকশা যাত্রীদের ওঠা-নামা করাতে ওই জায়গায় অবস্থান নেয়। গত শনিবার সকালে কয়েকজন লোক ফুটপাতের এ স্থানটি ফাঁকা করতে বলেন। ওই দিন বিকেলে চারটি খুঁটি স্থাপন করে চিহ্নিত করে রাখা হয়। রোববার সকালে শামিয়ানা টানিয়ে নির্বাচনী কার্যালয় হচ্ছে বলে জানতে পারেন।
পৌরসভার কোনো কর্মচারী ওই জায়গা দখলমুক্ত করার কাজে ছিলেন না বলে দাবি করেন আওয়ামী লীগের প্রার্থী জাকারিয়া আহমদ। নির্বাচনী প্রচারণার শুরুতে বিধি লঙ্ঘন করে নির্বাচনী কার্যালয় করা প্রসঙ্গে তাঁর ভাষ্য, ফুটপাত বা কোনো অটোরিকশা সরিয়ে নয়, তাঁর ভাইয়ের একটি ক্যানটিনে করা হয়েছে নির্বাচনী কার্যালয়। শামিয়ানা টানানোর স্থানটি তাঁকে সুনির্দিষ্ট করে জানালে পরে তিনি বলেন, ‘অটোরিকশাগুলো অবৈধভাবে ছিল। এটি না হওয়ায় এক সুযোগে জায়গাটি দখলমুক্ত হলো!’