বিধি লঙ্ঘন করে আরডিএর মার্কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে গোধূ​লি সুপার মার্কেটের নির্মাণকাজl প্রথম আলো
চলছে গোধূ​লি সুপার মার্কেটের নির্মাণকাজl প্রথম আলো

রাজশাহী নগরের শিরোইল বাস টার্মিনালের জন্য অধিগ্রহণ করা জমিতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) চারতলাবিশিষ্ট বাণিজ্যিক বিপণিবিতান নির্মাণ করছে। এর নাম দেওয়া হয়েছে ‘গোধূলি সুপার মার্কেট’। অভিযোগ উঠেছে, এই বিপণিবিতানে গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা না রেখে বিধি লঙ্ঘন করা হয়েছে। নিয়ম অনুযায়ী বাণিজ্যিক ভবনে ২২ থেকে ২৫ শতাংশ পার্কিংয়ের জায়গা রাখার কথা।

আরডিএ থেকে জানা গেছে, ১৯৮৯-৯০ সালের দিকে শিরোইল বাস টার্মিনাল নির্মাণের জন্য সরকার এই জমি অধিগ্রহণ করে। ২০০৬ সালের দিকে টার্মিনালের অধিগ্রহণ করা জায়গার একাংশে আরডিএ গোধূলি সুপার মার্কেট নির্মাণ শুরু করে। নিয়ম অনুযায়ী যে কাজের জন্য জমি অধিগ্রহণ করা হবে, সেই উদ্দেশ্যে ব্যবহার করার কথা। আবার কোনো ভবন নির্মাণের আগে আরডিএর নির্ধারিত বিধি অনুযায়ী নকশা অনুমোদন করাতে হবে। সাধারণত এ ধরনের বাণিজ্যিক ভবনের ক্ষেত্রে ২২ থেকে ২৫ শতাংশ পার্কিংয়ের জায়গা ছাড়তে হয়। সেই হিসাবে একটি পাঁচতলা ভবনের পুরো একটি তলা পার্কিংয়ের জন্য ছেড়ে দিতে হয়।

এ ছাড়া ভবনের চারপাশ দিয়ে পাঁচ ফুট করে জায়গা ছাড়তে হয়। এই ভবনের ক্ষেত্রে কোনোটিই মানা হয়নি। প্রায় ২০ হাজার বর্গফুটের এই বিশাল ভবনের কোনো পার্কিংয়ের জায়গা নেই। পাশ দিয়েও পরিমিত জায়গা ছাড়া হয়নি। আরডিএর রীতি অনুযায়ী কোনো ভবনের নকশা অনুমোদনের জন্য একজন অথরাইজড অফিসার রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এই ভবনের নকশা অথরাইজড অফিসার অনুমোদন করেননি।

আরডিএর বৈষয়িক শাখা ওই ভবনের নির্মাণকাজের তদারকি করছে। এ ব্যাপারে কথা বলার জন্য বৈষয়িক কর্মকর্তা বদরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। তবে সাবেক বৈষয়িক কর্মকর্তা কামরুজ্জামান এর আগে প্রথম আলোকে বলেছিলেন, আরডিএর প্রকৌশল শাখা এর নকশা অনুমোদন করেছে। ভবনের পাশে পুলিশ বক্সের কাছে একটু জায়গা আছে। সেখানে পার্কিংয়ের কাজ চলবে।

সরেজমিনে দেখা যায়, এই বিপণিবিতানে কোনো পার্কিংয়ের জায়গা নেই। ভবনের দ্বিতীয় তলার পুরোটা জুড়ে খান ফার্নিচার গ্যালারির বিক্রয়কেন্দ্র রয়েছে। তিন বছর আগে ভবনের তৃতীয় ও চতুর্থ তলা নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হলে খান ফার্নিচার কর্তৃপক্ষ এতে অংশ নেয় এবং কাজও তারাই পায়। এখন পর্যন্ত চতুর্থ তলার নির্মাণকাজ শেষ হয়নি।

গোধূলি সুপার মার্কেট সমিতির সভাপতি রমজান আলী বলেন, শুরু থেকেই তাঁরা মার্কেটে পার্কিংয়ের জায়গা রাখার কথা বলছেন। কিন্তু আরডিএ পার্কিংয়ের জায়গা না করেই মার্কেট নির্মাণ শেষ করে দিচ্ছে। এত বড় মার্কেটে কোনো শৌচাগারও নেই। তারা এর আগের চেয়ারম্যানকে এ জন্য লিখিত অভিযোগ করেন। আর এই ভবনের ভিত্তি রয়েছে তিন তলার।

রমজান আলী বলেন, এখন তিনতলা ভিত্তির ওপরেই চারতলা করা হচ্ছে। অনেক সময় ধরে তাঁরা এই নির্মাণকাজ করছেন। সময়মতো আরডিএ ভাড়া পেত। তিনি বলেন, এখন মার্কেটের বাইরে দুটি মোটরসাইকেল রাখার মতো জায়গা নেই। রাখলে একেবারে রাস্তার ওপরে রাখতে হবে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আওয়াল খান বলেন, অবশ্যই পার্কিংয়ের ব্যবস্থা থাকা দরকার। তবে আরডিএ বলছে, বাস টার্মিনালের ওই দিকে আলাদা করে পার্কিংয়ের জায়গা করে দেওয়া হবে। তিনি বলেন, ভবনের ভিত্তি ঠিকই আছে। চারতলার ভিত্তিই দেওয়া হয়েছে।

আরডিএর চেয়ারম্যান বজলুর রহমান সদ্য দায়িত্ব নিয়েছেন। এসব ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এটা তাঁর সময়ের কাজ না। তিনি মাত্র এক দিন আগে দায়িত্ব নিয়েছেন। রোববার ঢাকায় সংসদীয় কমিটির সভায় যাবেন। সোমবার এসে আবার বসবেন। তখন বিষয়টি খতিয়ে দেখবেন।