বিধি লঙ্ঘন করে দলীয় পরিচয়ে ভোট প্রার্থনা!
পাবনার বেড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিধিমালা লঙ্ঘন করে আওয়ামী লীগ ও বিএনপি থেকে সমর্থন পাওয়া চেয়ারম্যান পদপ্রার্থীরা দলীয় পরিচয়ে ভোট চাইছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়া উপজেলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। দলীয় প্রার্থী বাছাই করতে দুই দলই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের নিয়ে কমিটি গঠন করে। কমিটির নেতারা তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে একাধিক সভা করে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে। তবে দলীয় সমর্থন না পাওয়া প্রার্থীরা দলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দিয়ে দলীয় পরিচয়েই শুরু করেছেন প্রচারণা।স্থানীয় সূত্রে আরও জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান কৈটোলা ইউনিয়ন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের জাতসাকিনী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন । তাঁরা দুজনেই দল থেকে সমর্থন পেয়েছেন। তাঁদের মতো আরও ১৮ জন আওয়ামী লীগ ও বিএনপি থেকে সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।হাটুরিয়া-নাকালিয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমানকে দল থেকে সমর্থন দেওয়া হয়েছে। ওই ইউনিয়নে দলের সমর্থন না পাওয়া আবদুুর রহিম আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই এলাকায় প্রচার চালাচ্ছেন।আবদুর রহিম বলেন, ‘তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতা-কর্মী আমার সঙ্গে রয়েছে। দলীয় হাইকমান্ডের আশীর্বাদও আমার প্রতি রয়েছে। কাজেই আওয়ামী লীগের মূল প্রার্থী আমি।’ তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলেও তা রাজনৈতিক প্রভাবমুক্ত নয়। দলীয় সমর্থনের বাইরে কোনো প্রার্থীই নেই। মোস্তাফিজুর রহমান বলেন, ‘দলের প্রকৃত প্রার্থী আমি। আমার সঙ্গে শুধু নেতা-কর্মীরাই নেই, সাধারণ জনগণও আছে।’হাটুরিয়া-নাকালিয়া ইউপি থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তাঁরা দলীয় সমর্থন পাওয়ার জন্য আবেদন করেছিলেন। দলের পক্ষ থেকে উপজেলা বিএনপির সহসভাপতি চাঁদ প্রামাণিককে দলীয় সমর্থন দিয়ে বাকি তিনজনকে নির্বাচন করা থেকে বিরত থাকার এবং দলীয় প্রার্থীকে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার না করে দলীয় পরিচয়েই প্রচার চালাচ্ছেন। সরকার আরিফুর রহমান দাবি করেন, ‘ইউনিয়ন পর্যায়ের নেতাদের ভোটে আমিই দলীয় প্রার্থী নির্বাচিত হয়েছিলাম। কিন্তু থানা ও পৌর বিএনপির কতিপয় নেতা পক্ষপাত করে আরেকজনকে দলীয় প্রার্থী করেছেন।’হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের হাটুরিয়া বাজারের বাসিন্দা বাবু মিয়া বলেন, আওয়ামী লীগ ও বিএনপি থেকে সমর্থন পাওয়া চেয়ারম্যান পদপ্রার্থীরা বিভিন্ন এলাকায় গিয়ে দলীয় পরিচয়ে ভোট চাইছেন।আবদুল কাদেরকে জাতসাকিনী ইউপিতে দল সমর্থন দিলেও একই দলের আরও তিনজন ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তিনি বলেন, ‘এ ইউনিয়নে দল আমাকে সমর্থন দিয়েছে। কয়েকজন প্রার্থী নিজেদের আওয়ামী লীগের লোক বলে দাবি করলেও এলাকার মানুষ দলীয় প্রার্থী হিসেবে আমাকেই বুঝছে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনী আইন অনুযায়ী অফিসিয়ালি আমাদের কোনো দলীয় প্রার্থী না থাকলেও আন-অফিসিয়ালি রয়েছে।’উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রইজউদ্দিন বলেন, ‘দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার নিয়ম না থাকলেও কোনো প্রার্থীর প্রতি দলীয় সমর্থন দেওয়াতে আইনগত বাধা নেই। আমাদের দলসমর্থিত প্রার্থীদের নাম মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই ঘোষণা করেছি। দলের সিদ্ধান্তের বাইরে যেসব নেতা প্রার্থী হয়েছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের পর তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘বিধি অনুযায়ী দলীয়ভাবে প্রার্থী দেওয়ার কোনো বিধান নেই। নির্বাচনী আচরণ পরিপন্থী কোনো কিছু পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’