মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ইমারত নির্মাণ আইন অমান্য করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়া ভবন নির্মাণের অপরাধে গতকাল বুধবার জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জহিরুল ইসলাম ‘ঢাকা উদ্যান নির্মাণ পরিচালনা কমিটি’র সাধারণ সম্পাদক। উদ্যান এলাকাটি বন্যাপ্রবণ এলাকা বলে চিহ্নিত।পৃথক অভিযানে রাজউক গতকাল গুলশান লেকে স্থাপিত ৬০টি অবৈধ টিনের ঘর ও টংঘর উচ্ছেদ করেছে। এ ছাড়া লেকে ময়লা ফেলার দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করে এক মাসের জেল এবং এই পাঁচজনসহ মোট সাতজনের নামে মামলা করা হয়েছে।মোহাম্মদপুর: দুপুর সাড়ে ১২টার দিকে জহিরুলের ৭ নম্বর দিল মোহাম্মদ অ্যাভিনিউতে তাঁর কার্যালয়ে যান ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানে এলাকার এক হাজারের বেশি বাসিন্দা জড়ো হয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন। তাঁরা চিৎকার করে বলতে থাকেন, এলাকাকে বন্যাপ্রবণ ঘোষণা করার আগেই এখানে বাড়ি নির্মাণ করেছেন। তাঁরা জহিরুল ইসলামকে এলাকা থেকে নিয়ে যেতে দেবেন না। একপর্যায়ে তাঁরা একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ এবং তাঁর সঙ্গে থাকা একজন ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করেন। তাঁদের ক্যামেরাও ভাঙচুর করেন এলাকাবাসী।একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জহিরুল ইসলামকে অনুরোধ জানানো হলে তিনি এলাকাবাসীকে শান্ত হতে বলেন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে মোহাম্মদপুর থানায় গেলে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।এর আগে দিল মোহাম্মদ অ্যাভিনিউয়ের ৫৬ নম্বর প্লটে অবস্থিত জহিরুল ইসলামের তিনতলা বাড়িতে গিয়ে তাঁকে খোঁজ করে রাজউক দল। দলের একজন কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর বেড়িবাঁধের বিপরীত দিকে ঢাকা উদ্যান প্রকল্প এলাকাটি ‘জলাশয় এলাকা’ বলে চিহ্নিত হলেও এখানে রাজউকের প্ল্যান ছাড়াই বাড়ি করেছেন জহিরুল ইমলামের মতো অনেকেই।রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ইমারত নির্মাণ আইন ১৯৫২-এর ৩ ধারায় জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।গুলশান লেক এলাকা: রাজউকের অপর একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সকাল থেকে অভিযান চালিয়ে কড়াইল বস্তিসংলগ্ন গুলশান লেকে তৈরি ৬০টি টিনের ঘর ও টংঘর উচ্ছেদ করেছে।এ ছাড়া গুলশান ৩৩ নম্বর সড়কের পশ্চিমে লেকে ময়লা ফেলার দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএলের) দুজন কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলাও করা হয়।জানা যায়, রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করতে গিয়ে দেখতে পান উল্লিখিত স্থানে ময়লা-আবর্জনা ফেলছে একদল লোক। আদালতের জেরার মুখে তারা স্বীকার করে যে বিটিসিএলের মহাখালী বিভাগ থেকে তাদের এখানে ময়লা ফেলতে বলা হয়েছে। আদালত পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা। অন্যদের মধ্যে রাজউকের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম অভিযানে অংশ নেন।