বিধি লঙ্ঘন করে মন্ত্রণালয়কে সিদ্ধান্ত দিল সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ কার্যপ্রণালি বিধি অনুযায়ী মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যেকোনো বিষয়ে সুপারিশ করতে পারলেও সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই। কিন্তু এ বিধি লঙ্ঘন করে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি ওই মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে কিছু বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে।
গত ১৯ মে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির ১৪তম বৈঠকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিষয়ে আলোচনা হয়। ২১ মে ওই সংসদীয় কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে লেখা এক চিঠিতে বৈঠকের ‘সিদ্ধান্ত’ সম্পর্কে অবহিত করেন।
চিঠিতে বলা হয়, বৈঠকে এনসিটির টেন্ডার-সংক্রান্ত কয়েকটি সংশোধনী এবং ইকুইপমেন্টের কয়েকটি বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে গৃহীত সিদ্ধান্তসমূহ অবিলম্বে অবহিত না করলে বন্দর কর্তৃপক্ষ টেন্ডার সংশোধনসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করতে পারছে না বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
চিঠিতে আরও বলা হয়, ‘বৈঠকের পূর্ণ কার্যবিবরণী ও সিদ্ধান্তসমূহ তৈরি করে বিতরণ করতে কয়েক দিন সময় লাগবে। তাই এনসিটির পূর্ণ কার্যক্রম টেন্ডার-প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত শুরু করার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর-সংক্রান্ত অত্যন্ত জরুরি কয়েকটি সিদ্ধান্ত আলাদাভাবে পাঠানো হলো। মূল কার্যবিবরণীতেও এ সিদ্ধান্তগুলো সন্নিবেশিত থাকবে।’
মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির কার্যক্রম সম্পর্কে সংসদ কার্যপ্রণালি বিধির ২৪৮ ধারায় বলা হয়েছে, ‘স্থায়ী কমিটির কাজ হইবে সংসদ কর্তৃক উক্ত কমিটিতে প্রেরিত যেকোনো বিল বা বিষয় পরীক্ষা করা, উক্ত কমিটির আওতাধীন মন্ত্রণালয়ের কার্যাবলি পর্যালোচনা করা, মন্ত্রণালয়ের কার্যকলাপ বা অনিয়ম ও গুরুতর অভিযোগ তদন্ত করা এবং কমিটি যথোপযুক্ত মনে করিলে উক্ত কমিটির আওতাধীন যেকোনো বিষয় সম্পর্কে পরীক্ষা করা ও সুপারিশ প্রদান করা।’
কিন্তু স্থায়ী কমিটির চিঠিতে দেখা যায়, কমিটি সুপারিশ না করে সিদ্ধান্ত দিয়েছে। তা ছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসন সংস্থা। স্থায়ী কমিটি তাদের চিঠি মন্ত্রণালয়ে না পাঠিয়ে সংস্থাটিকে পাঠিয়েছে। বিধি অনুযায়ী স্থায়ী কমিটির সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানোর কথা। তখন মন্ত্রণালয় তার আওতাধীন সংস্থা সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
এ ব্যাপারে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কমিটির বৈঠকে সবকিছু ‘সিদ্ধান্ত’ আকারে হয়। মন্ত্রণালয় এটা সুপারিশ হিসেবে নেয়। সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের আওতাধীন কোনো সংস্থাকে সিদ্ধান্ত আকারে নির্দেশ দিতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কমিটির সিদ্ধান্ত মন্ত্রণালয়েও পাঠাই, মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থায়ও পাঠাই। আইনে কোথাও বলা নেই সংস্থায় সিদ্ধান্ত পাঠানো যাবে না।’
রফিকুল ইসলাম বলেন, এটা নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকে এভাবেই চলে আসছে।
এ সম্পর্কে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, ‘আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। তবে উনি সভাপতি। তাঁর ভুল হওয়ার কথা নয়।’
স্থায়ী কমিটির এখতিয়ার সম্পর্কে জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি চিঠিটি দেখিনি। তবে আইনসভা, বিচার ও নির্বাহী বিভাগ রাষ্ট্রের তিনটি স্তম্ভ। এ তিনটি প্রতিষ্ঠানের মধ্যে পরস্পর ঐকতান থাকতে হবে। তবে কোনো হস্তক্ষেপ থাকবে না।’ তিনি বলেন, স্থায়ী কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করতে পারে। মন্ত্রণালয় সে অনুযায়ী ব্যবস্থা নেবে। এটাই বিধান।