চাঁদপুরের হাজীগঞ্জের নাসিরকোর্ট শহীদ সঞ্চৃতি ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক আইয়ুব আবেদীন চৌধুরীকে বিধিবহির্ভূতভাবে সাময়িক বরখাস্তের অভিযোগ উঠেছে।গত ২৮ জুলাই পরিচালনা পর্যদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ আগস্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আরশাদ উল্যাহর সই করা সাময়িক বরখাস্তের একটি অনুলিপি তাঁকে দেওয়া হয়।সাময়িক বরখাস্তের ওই অনুলিপিতে উল্লেখ করা হয়েছে, ‘আপনি এই প্রতিষ্ঠানের স্বার্থ ও শৃঙ্খলা পরিপন্থী কাজ ও অসদাচরণ করেছেন। এ কাজের জন্য পরিচালনা পর্ষদ গত ২৮ জুলাইয়ের সভায় আপনাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে।’১৯৯৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনের অধীনে প্রণীত বেসরকারি কলেজের শিক্ষকদের চাকরির শর্তাবলির ১৬ বিধির ‘ক’ ধারায় উল্লেখ করা হয়েছে, পেশাগত অসদাচরণ অথবা নৈতিক পদস্খলনের বিষয়টি পরিচালনা পর্যদের পাঁচ সদস্যের তদন্ত কমিটি দ্বারা তদন্ত করা যাবে। বিধির ‘খ’ ধারায় বলা হয়েছে, যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হবে, তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। কিন্তু পরিচালনা পর্যদ ধারা দুটি অনুসরণ না করে আইয়ুব আবেদীনকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। এ ছাড়া যে কারণ দেখিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কর্তৃপক্ষের কাছে সেই বিষয়ে কোনো লিখিত অভিযোগও নেই।ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরশাদ উল্যাহ বলেন, ‘পরিচালনা পর্যদের সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি শুধু অধ্যক্ষ হিসেবে পরিচালনা পর্যদের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি।’পরিচালনা পর্যদের সভাপতি মো. সিরাজুল হক দাবি করেন, আইয়ুব আবেদীন পর্যদের সভায় দোষ স্বীকার করেছেন। আইয়ুব আবেদীন দাবি করেন, ‘যে অভিযোগ এনে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সে সম্পর্কে আমি কিছুই জানি না।’ দোষ স্বীকার করার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিজে ওই কমিটির একজন শিক্ষক প্রতিনিধি। কিন্তু ওই সভায় আমি উপস্থিত ছিলাম না।’