বিধি লঙ্ঘন করে সরকারি দুই প্রতিষ্ঠানে চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিবিধি অনুযায়ী কোনো ব্যক্তি একই সঙ্গে দুটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন না। তবে সেই বিধিই লঙ্ঘন করে সমাজসেবা কার্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছেন সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গাবী গ্রামের সোহেল আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল আহমেদ ২০১৩ সালে সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার সমাজসেবা কার্যালয়ে ইউনিয়ন সমাজকর্মী পদে যোগ দেন। বর্তমানে তিনি ধরমপাশা উপজেলায় কাজ করছেন। ওই চাকরি থেকে পদত্যাগ না করে তিনি গত ২৬ জানুয়ারি ধরমপাশার জয়শ্রী ইউনিয়নের বানারসীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক পর্যায়ে সহকারী শিক্ষক পদে যোগ দিয়ে মাত্র এক দিন ওই বিদ্যালয়ে গিয়েছিলেন। এরপর থেকে অনুপস্থিত।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সহকারী শিক্ষক সোহেল যোগদানের পর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁর অনুপস্থিতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।’
একই সঙ্গে দুটি সরকারি চাকরি করার বিষয়ে জানতে চাইলে সোহেল আহমেদ বলেন, ‘সহকারী শিক্ষকের পদ থেকে খুব শিগগির পদত্যাগ করব।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, ‘সহকারী শিক্ষক সোহেল আহমেদ বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ নিয়ে তাঁকে দুবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কোনো জবাব পাইনি। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি আগস্ট মাসের প্রথম সপ্তাহে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠিয়েছি।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসমাঈল হোসেন বলেন, ‘সোহেল আহমেদ দুই সপ্তাহ আগে বদলি হয়ে আমার কার্যালয়ে ইউনিয়ন সমাজকর্মী পদে যোগ দিয়েছেন। তিনি অন্য সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন—বিষয়টি আমার জানা নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক বলেন, সরকারি চাকরিবিধি অনুযায়ী কোনো ব্যক্তির দুটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার কোনো নিয়ম নেই। একটি চাকরি থেকে পদত্যাগ করে অপরটিতে যোগ দিতে হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী বলেন, ওই সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।