বিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপিপন্থী আইনজীবীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির আইনজীবীরা অভিযোগ করেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারক বাসু দেব রায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনে ফৌজদারি কার্যবিধি লঙ্ঘন করেছেন। এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করার জন্য প্রধান বিচারপতির কাছে দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের দক্ষিণ মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ এবং প্রধান বিচারপতির কাছে এ দাবি জানানো হয়।
একই সঙ্গে ‘আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে অভিযোগ গঠন করার’ প্রতিবাদে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। কর্মসূচির মধ্যে আছে আজ রোববার সব জেলা আইনজীবী সমিতিতে বিক্ষোভ, ২৪ মার্চ পতাকা উত্তোলন, ২৫ মার্চ মানববন্ধন ও ২৭ মার্চ প্রতিবাদ সভা।
১৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালতে অভিযোগ গঠন করা হয়।
গতকাল সংবাদ সম্মেলনে আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, আইন অনুযায়ী অভিযোগ গঠনের আগে আসামি দোষী না নির্দোষ, তা জিজ্ঞেস করতে হয়। কিন্তু বিচারক এ ক্ষেত্রে তা করেননি। তিনি নিজের কক্ষে বসে খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে দুই মামলায় অভিযোগ গঠন করা হয়েছে বলে দিন শেষে আদালতের পেশকারের মাধ্যমে সবাইকে অবহিত করেন; যা ফৌজদারি কার্যবিধির ২৪২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
রফিকুল ইসলাম মিয়া বলেন, ১৯ মার্চ খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন। তাঁর পক্ষে আইনজীবীরা আদালতের কাছে সময়ের আবেদন করেন। কিন্তু আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে এজলাস ত্যাগ করেন। পরবর্তী সময়ে তিনি আদালতে না এসে এবং অভিযোগ গঠনের বিষয়ে দাখিল করা দরখাস্তের শুনানি না করেই অভিযোগ গঠন করেন।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, ২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে। এরপর ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে আরেকটি মামলা করা হয়। কিন্তু কোনো মামলাতেই দুদক খালেদা জিয়া ও তারেক রহমানের সম্পৃক্ততা দেখাতে পারেনি।
ফোরামের মহাসচিব এ এম মাহবুব উদ্দিন দাবি করেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে সরকারের আর্থিক সংশ্লিষ্টতা নেই। শুধু রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী, আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব সানাউল্লাহ মিয়া, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মহসীন মিয়া প্রমুখ।