বিধিনিষেধ উপেক্ষা করে অবাধে চলছে যানবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর পৌরসভা লকডাউন ঘোষণার পরও সড়কে আগের মতো চলছে যানবাহন। সিও অফিস মোড়, পিরোজপুর শহর, ২৬ জুন
ছবি: প্রথম আলো

পিরোজপুরে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ শনিবার সকাল ৬টা থেকে আগামী ৬ জুলাই রাত ১২টা পর্যন্ত জেলার ৪টি পৌরসভা লকডাউন ঘোষণা করা হয়। তবে আজ সকাল থেকে পিরোজপুর পৌরসভাসহ জেলার অন্য পৌরসভাগুলোতে লকডাউন মানা হয়নি।

শহরের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিল। সড়কে যানবাহন চলাচল করছে। বেশির ভাগ মানুষকে মাস্ক ছাড়া চলাফেরা করতে দেখা গেছে। চায়ের দোকানগুলোতে ছিল প্রতিদিনের মতো ক্রেতাদের ভিড়।

তবে পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব বলেন, বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিল। তবে কিছু কিছু ব্যবসায়ী প্রশাসনের নজর এড়িয়ে ফাঁকে ফাঁকে দোকান খুলছেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু আলী মো. সাজ্জাদ হোসেন আজ সকাল থেকে পিরোজপুর পৌর এলাকাসহ মঠবাড়িয়া, স্বরূপকাঠি ও ভান্ডারিয়া পৌরসভা এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জেলায় সব ধরনের সমাবেশ আগামী সাত দিন সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো।

জনসমাগম করে খেলাধুলা ও উৎসব বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এমন ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার–অনুষ্ঠান বন্ধ থাকবে। আন্তজেলা ও অভ্যন্তরীণ পথে চলাচল করা সব বাস ও ইজিবাইকে অর্ধেক যাত্রী পরিবহন ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। বাড়ির বাইরে অবস্থানকালে সার্বক্ষণিক মাস্ক পরিধান ও অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে হবে। পৌর এলাকায় চায়ের দোকানসহ সব দোকান বন্ধ থাকবে। পচনশীল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে। আবাসিক হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত খাদ্য বিক্রয় ও সরবরাহ করতে পারবে। স্বাস্থ্যবিধি মেনে ওষুধের দোকান খোলা থাকবে। মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপসনালয়ে নামাজ এবং প্রার্থনাকালে তিন ফুট দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।’

আজ সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত পিরোজপুর শহরের সিও অফিস মোড়, নতুন বাসস্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড, বলেশ্বর সেতু এলাকা, কৃষ্ণচূড়া মোড় ও দামোদর সেতু এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে চলাচল করা বেশির ভাগ মানুষ মাস্ক ব্যবহার করেনি। সড়কের পাশে চায়ের দোকানগুলো খোলা রয়েছে। সেখানে মানুষ আড্ডা দিচ্ছে। যানবাহনে মাস্ক ছাড়া অনেকে যাতায়াত করছে। বাস ও ইজিবাইকে অর্ধেক যাত্রী পরিবহনের নিয়মও মানা হচ্ছে না।

দুপুর ১২টার দিকে শহরের সিও অফিস মোড়ে অন্তত ১৩ জন পথচারীর সঙ্গে কথা হয়। তাঁদের বেশির ভাগ মাস্ক ব্যবহার করেননি। লকডাউন সম্পর্কে জানতে চাইলে কয়েকজন পথচারী বলেন, লকডাউন তো মানা হচ্ছে না। মানুষ আগের মতো রাস্তাঘাটে চলাচল করছেন। তবে লকডাইন মেনে চলার জন্য শহরে তথ্য অফিসের পক্ষ থেকে মাইকিং করতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঠবাড়িয়া, স্বরূপকাঠি ও ভান্ডারিয়া পৌরসভায় লকডাউনের বিধিনিষেধ মানুষ মেনে চলছে না। বাজারে ও সড়কে মানুষের ভিড় আগের মতোই দেখা গেছে।

মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামের ইসমাইল হোসেন বলেন, মানুষ লকডাউন মানছে না। শহরের সড়কে মাস্ক ছাড়া মানুষ ঘোরাফেরা করছে। সামাজিক দূরত্ব কেউ মেনে চলছে না।

পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে সদর উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বুধবার জেলার ৭ উপজেলায় ৫১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ৩৯ জন। ওই দিন বিকেলে সদর উপজেলার বাইনখালী গ্রামের আবদুল মালেক (৬০) নামের একজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। বৃহস্পতিবার জেলায় ২৯ জন এবং গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৬ জন করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন। তাঁদের মধ্যে সদর উপজেলায় ২৩ জন, নাজিরপুরে ২ জন ও ইন্দুরকানিতে ১ জন।

সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকী বলেন, কয়েক দিন ধরে করোনা রোগীর চাপ বেশি রয়েছে। আজ থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে করোনার সংক্রমণ না কমলে লকডাউনের সময়সীমা বাড়ানো হবে।

জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘আজ প্রথম দিন হওয়ায় অনেকে বিধিনিষেধ খুব একট মেনে চলেননি। তবে সোমবার থেকে আমরা লকডাউন কার্যকর করার জন্য কঠোর অবস্থানে যাব।’