বিধিনিষেধে সীমিত পরিসরে চলবে আদালতের কার্যক্রম
করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনালের কার্যক্রম ১ থেকে ৭ জুলাই পর্যন্ত পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ভার্চ্যুয়াল পদ্ধতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত পরিসরে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে আজ বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
করোনাভাইরাসের বিস্তার রোধে ১ থেকে ৭ জুলাই পর্যন্ত বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা জারির পর বিকেলে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে আদালতের কার্যক্রম পরিচালনা বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি আসে।
অধস্তন আদালতে যেভাবে চলবে কার্যক্রম
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন ম্যাজিস্ট্রেট এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী জেলা বা মহানগরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুকে ওই সময়ে (১ থেকে ৭ জুলাই পর্যন্ত) সাংবিধানিক বাধ্যবাধকতায় শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮৮১ সালের দ্য নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্টসহ যেসব আইনে মামলা বা আপিল দায়েরের ক্ষেত্রে সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারিত আছে, সেসব আইনের অধীন মামলা বা আপিল শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম শুরু হওয়ার সাত দিনের মধ্যে তামাদির মেয়াদ অক্ষুণ্ন বিবেচনায় দায়ের করা যাবে।
অধস্তন আদালতে বিচারক এবং আদালতের কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দিয়ে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সময়ে জরুরি প্রয়োজন ব্যতিরেকে আইনজীবী এবং বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণে না আসার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
হাইকোর্টে চলবে তিনটি বেঞ্চের কার্যক্রম
হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত পরিসরে পরিচালনাসংক্রান্ত অপর বিজ্ঞপ্তিুতে বলা হয়, করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সীমিত পরিসরে পরিচালিত হবে।
তিনটি ভার্চ্যুয়াল বেঞ্চ চলবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, রিট ও দেওয়ানি, ফৌজদারি এবং কোম্পানি ও অ্যাডমিরালটি–সংক্রান্ত একটি করে মোট তিনটি বেঞ্চ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে অতিজরুরি বিষয়ে শুনানি করবেন। এই সময়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী ও বিচারপতিদের না আসার জন্য অনুরোধও করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এদিকে প্রধান বিচারপতি ভার্চ্যুয়াল উপস্থিতিতে বিচারকাজ পরিচালনার জন্য তিনটি বেঞ্চ গঠন করে দিয়েছেন। বেঞ্চ গঠনসংক্রান্ত আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের পৃথক তিনটি একক বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে।
আপিল বিভাগে কার্যক্রম চলবে সীমিত পরিসরে
আপিল বিভাগের কার্যক্রম সীমিত পরিসরে পরিচালনাসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও চেম্বার আদালতের বিচারিক কার্যক্রম ১ থেকে ৭ জুলাই পর্যন্ত ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে সীমিত পরিসরে পরিচালিত হবে। এতে আরও বলা হয়, ৬ ও ৭ জুলাই কার্যতালিকা অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফৌজদারি আপিল ও জেল আপিলের শুনানি হবে।
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অফিস বন্ধ থাকবে
প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশব্যাপী করোনাভাইরাসের বিস্তার রোধে ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অফিস বন্ধ থাকবে।
জরুরি প্রয়োজনে কর্তৃপক্ষের নির্দেশনা সাপক্ষে অফিসের পরিবহনে সীমিতসংখ্যক কর্মকর্তা/কর্মচারী অফিসে উপস্থিত থাকতে পারবে। সকল কর্মকর্তা/কর্মচারীকে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হলো।’
ফিরতে হলে সীমিত পরিসরে
করোনাভাইরাসের সংক্রমণ রোধে এর আগে গত ৫ এপ্রিল চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। বিধিনিষেধ আরোপের পর প্রধান বিচারপতি হাইকোর্টের চারটি ভার্চ্যুয়াল বেঞ্চ গঠন করে দেন। আপিল বিভাগ ও চেম্বার আদালতেও ভার্চ্যুয়াল উপস্থিতিতে চলে বিচারিক কার্যক্রম। পর্যায়ক্রমে হাইকোর্টের বেঞ্চসংখ্যা বাড়ানো হয়।
১৭ জুন পর্যন্ত হাইকোর্টের ৩০টি ভার্চ্যুয়াল বেঞ্চে বিচারকাজ চলে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ২০ জুন থেকে ৫৩টি বেঞ্চে ভার্চ্যুয়াল উপস্থিতিতে হাইকোর্টে বিচারিক কার্যক্রম শুরু হয়। এর ১১ দিনের মাথায় করোনা পরিস্থিতির কারণে ভার্চ্যুয়াল উপস্থিতিতে সীমিত পরিসরে আদালতের কার্যক্রমে ফিরতে হলো।
অন্যদিকে করোনা পরিস্থিতির উন্নতির প্রেক্ষাপটে ১৯ জুন অধস্তন আদালতে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, অধস্তন সব দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোতে আগামী ২০ জুন থেকে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে। এর আগে অধস্তন আদালতে ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম চলছিল।