বিধিবহির্ভূত পদোন্নতির অনুমোদন!
নির্বাচক কমিটির (সিলেকশন কমিটি) অনুমোদনের আগেই তড়িঘড়ি করে তিন কর্মকর্তার পদোন্নতির অনুমোদন দিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী। অভিযোগ রয়েছে, সিবিএ নেতাদের একাংশের চাপ ও তদ্বিরের জোরেই এই পদোন্নতি দিয়েছেন তিনি। তবে চেয়ারম্যানের দাবি, তিনি পদোন্নতির ব্যাপারে কোনো অনিয়ম করেননি। কেউ তাঁকে চাপও দেননি।দুদিন ধরে সিবিএ নেতারা পদোন্নতি কমিটির সদস্যদের নানাভাবে চাপ প্রয়োগ করায় এবং এই পদ্ধতির সঙ্গে একমত হতে না পারায় কমিটির তিন সদস্য একযোগে পদত্যাগ করেন। এ ধরনের জটিল পরিস্থিতির মধ্যেই চেয়ারম্যান গতকাল বুধবার বোর্ডের তিনজন সেকশন অফিসারকে সহকারী কর্মকর্তা পদে পদোন্নতি দেন। এঁরা হলেন অমল কান্তি বড়ুয়া, করুণাশীষ খীসা ও রাহেলা তাসনিম নুর। বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পদোন্নতির অনুমোদনের ক্ষেত্রে কোনো অনিয়মই হয়নি। এসব অনিয়মের অভিযোগ যাঁরা করেন, তাঁরাই অনিয়ম করছেন। কেউ আমাকে কোনো চাপ দেননি।’ পদোন্নতি কমিটির তিন সদস্যের পদত্যাগের বিষয়ে চেয়ারম্যান বলেন, ‘তাঁরা পদত্যাগ করলেও আমি যেহেতু তা গ্রহণ করিনি, তাই তাঁরা এখনো কমিটিতে বহাল আছেন।’ বোর্ডের ১৯৬১ সালের অধ্যাদেশ অনুযায়ী, কর্মকর্তা পদে (দ্বিতীয় ও প্রথম শ্রেণী) পদোন্নতি প্রদান করতে পারে নির্বাচক কমিটি (সিলেকশন কমিটি)। আর তৃতীয় শ্রেণী পদে (সেকশন অফিসার পর্যন্ত) পদোন্নতি প্রদান করতে পারে বোর্ডের পদোন্নতি বোর্ড। পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচক কমিটির প্রধান বোর্ড চেয়ারম্যান। জানা যায়, গত সোমবার পাঁচ সদস্যের পদোন্নতি কমিটির সভা শেষে কমিটির সদস্যরা বিকেলে চেয়ারম্যানের কক্ষে আলোচনায় বসেন। বেশির ভাগ সদস্যই পদোন্নতির ক্ষেত্রে বোর্ডের ১৯৬১ সালের অধ্যাদেশ অনুযায়ী নির্বাচক কমিটির মাধ্যমে পদোন্নতি দেওয়ার প্রস্তাব দেন। এ সময়ে উচ্চমান ও নিম্নমান সহকারী পদমর্যাদার কয়েকজন সিবিএ নেতা চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে পদোন্নতির ব্যাপারে কমিটির সদস্যদের চাপ সৃষ্টি করেন। তাঁরা একপর্যায়ে কমিটির সদস্য বোর্ডের হিসাব ও নিরীক্ষা বিভাগের উপপরিচালক মো. মঈনউদ্দিন এবং উপ-পরীক্ষানিয়ন্ত্রক জামাল উদ্দিন আহমেদের সঙ্গে অশোভন আচরণ করেন বলে অভিযোগ পাওয়া যায়। এ অবস্থায় গত মঙ্গলবার পদোন্নতি কমিটির তিন সদস্য চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন। তাঁরা ১৯৬১ সালের বিধানের বাইরে কমিটির সিদ্ধান্তে পদোন্নতির বিষয়টি মেনে নিতে চাননি। এঁরা হলেন হিসাব ও নিরীক্ষা বিভাগের উপপরিচালক মো. মঈনউদ্দিন এবং উপ-পরীক্ষানিয়ন্ত্রক জামাল উদ্দিন আহমেদ ও উপসচিব মো. মাহবুব হাসান। অপর সদস্য কলেজ পরিদর্শক সুমন বড়ুয়ারও পদত্যাগ করার কথা রয়েছে। পদত্যাগকারী কর্মকর্তা মো. মঈনউদ্দিন বলেন, ‘নিয়ম অনুযায়ী এ ধরনের পদে নির্বাচক কমিটির মাধ্যমেই পদোন্নতি হওয়ার কথা। তা ছাড়া প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা নিরপেক্ষভাবে কাজ করতে চাই। কারও ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন ঘটানো সম্ভব নয় বলে বিব্রতবোধ করেছি এবং পদত্যাগ করেছি।’ কিছুসংখ্যক সিবিএ নেতার অশোভন আচরণের বিষয়টি স্বীকার করেছেন পদোন্নতি কমিটির সভাপতি বোর্ডের সচিব এ কে এম ফজলুল করিম চৌধুরী।সিলেকশন বোর্ডের মেয়াদ দুই বছর, যা মাস খানেক আগে উত্তীর্ণ হয়েছে। পাঁচ সদস্যবিশিষ্ট সিলেকশন বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন বোর্ডের চেয়ারম্যান। সদস্য হিসেবে থাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি, মাউশির মহাপরিচালকের প্রতিনিধি, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক কর্মকর্তার প্রতিনিধি ও জেলা প্রশাসকের প্রতিনিধি (এডিসি পদমর্যাদার নিচে নয়)।