বিধিবহির্ভূতভাবে জলমহাল ব্যবস্থাপনা কমিটি থেকে দুজনকে বাদ দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের একাংশ গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে দলের স্থানীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ বিলকিস। এতে বলা হয়, উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা না করায় ওই কমিটির কৃষক প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলমগীর কবীর এবং নারী প্রতিনিধি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুমাইয়া নাজলীনকে নিয়মবহির্ভূতভাবে বাদ দেওয়া হয়েছে। তাঁদের স্থলে দুজন বিতর্কিত সদস্যকে এ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেনের নির্দেশে ওই দুজনকে বাদ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, কমিটি সরকারি বিধিমোতাবেক পরিচালিত হচ্ছে। সাংসদ ওই কমিটির উপদেষ্টা। এ বিষয়ে সাংসদ চিঠি দেওয়ায় ওই দুজন সদস্যকে বাদ দেওয়া হয়েছে।
সাংসদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘জলমহালের প্রতিবেদন নিয়ে আমি কখনো কোনো সুপারিশ করিনি। ওই কমিটি থেকে যে দুজন সদস্যকে বাদ দেওয়া হয়েছে তাঁরা জলমহাল নিয়ে অনৈতিকভাবে তদবির করেন। তাই তাঁদের বাদ দিয়ে নতুন দুজন সদস্যকে ওই কমিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
গতকালের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলমগীর কবীর, সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, ফজলুর রহমান, আবদুল হাই তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন তালুকদার প্রমুখ।