বিধিবহির্ভূতভাবে পদোন্নতির প্রতিবাদে আন্দোলনে যাচ্ছেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে সরকারি নিয়ম ভঙ্গ করে চাকরিতে জ্যেষ্ঠতা প্রদানের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে আজ রোববার থেকে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী উন্নয়ন খাতে চাকরিরত কোনো ব্যক্তির চাকরি রাজস্ব খাতে আত্তীকরণ হলে যোগদানের দিন থেকে তাঁর জ্যেষ্ঠতা গণনা শুরু হবে। এখানে আগের চাকরিকালের তারিখ থেকে জ্যেষ্ঠতা গণনার কোনো সুযোগ নেই। ২০১০ সালের ১১ অক্টোবর সংস্থাপন মন্ত্রণালয় থেকে জারি করা ওই আদেশ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে এই নিয়ম না মেনে তিন শিক্ষককে পদোন্নতি দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ৪৮ জন শিক্ষক। তাঁরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এ ব্যাপারে তাঁদের আপত্তিও জানিয়েছেন। এই শিক্ষকেরা জানান, ২০০৮ সালের ২১ আগস্ট উন্নয়ন খাতে থাকা দিনাজপুর সরকারি ভেটেরিনারি কলেজটির সব জনবল হাজী দানেশের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের অধীনে আত্তীকরণ হয়। ওই সময় কলেজটির সহকারী ও সহযোগী অধ্যাপকদের চাকরি বিশ্ববিদ্যালয়ে যোগদানের তারিখ থেকে তাঁদের চাকরির জ্যেষ্ঠতা গণনা হওয়ার বিধান সংস্থাপন মন্ত্রণালয় থেকে স্পষ্ট করা আছে। বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার অভিযোগ করেন, ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভা আছে। সভায় সরকারি নিয়মের তোয়াক্কা না করে ভেটেরিনারি অনুষদের দুজন সহকারী ও একজন সহযোগী অধ্যাপককে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে। ইতিমধ্যে পত্রিকায় তাঁদের পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১০ আগস্ট সহকারী অধ্যাপকদের এবং ১৪ আগস্ট সহযোগী অধ্যাপকদের সিলেকশন বোর্ড অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই শিক্ষকদের অভিজ্ঞতার সময়কাল হয়েছে তিন বছর। অথচ নিয়োগবিধি অনুযায়ী পাঁচ বছর পূর্ণ না হলে তাঁদের পদোন্নতির কোনো সুযোগ নেই। এই বিধিবহির্ভূত পদোন্নতি বন্ধ করতে বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন শিক্ষক রেজিস্ট্রারের কাছে লিখিত দাবি জানিয়েছেন। পদোন্নতির প্রতিবাদকারী শিক্ষকেরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কয়েকজন শিক্ষক বিশেষ উদ্দেশ্যে এই নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছেন।জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলরাম রায় ভেটেরিনারি অনুষদের তিন শিক্ষকের পদোন্নতি দেওয়ার প্রক্রিয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন শিক্ষক ওই পদোন্নতির লিখিত প্রতিবাদ করেছেন। তাঁরা সংস্থাপন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিধিবিধানও দেখিয়েছেন। তবে উপাচার্য ঢাকায় অবস্থান করছেন। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।